'মার্কিন সেনাবাহিনী হলিউড-নির্ভর ও প্রচারসর্বস্ব বাহিনী
'ইরান-যুদ্ধে ১,০০০-এরও বেশি ইসরায়েলি ও শত শত মার্কিন সেনা নিহত'
-
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি
পার্সটুডে: ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে ১,০০০-এরও বেশি ইসরায়েলি সেনা নিহত এবং আরও হাজার হাজার আহত হয়েছে।
তাসনিমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন: “মার্কিন সেনাবাহিনী হলিউড-নির্ভর ও প্রচারসর্বস্ব একটি বাহিনী যা মুসলিম দেশগুলোর সম্পদ লুট ও আত্মসাতের উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে। আমাদের সবচেয়ে বড় গর্ব হলো, আমরা মার্কিন সেনাবাহিনী ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর হলিউডি চেহারার মুখোশ উন্মোচন করেছি এবং গোটা বিশ্ব বুঝতে পেরেছে যে এই দুই বাহিনী কতটা দুর্বল ও মনোবলহীন।”
তিনি আরও বলেন, বিশ্বের দেশগুলো—এমনকি যেসব দেশে মার্কিন সেনাবাহিনীর সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের কিছু অংশও—এখন আর আমেরিকানদের ওপর আস্থা রাখে না। তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, “যে আমেরিকা নিজেকেই রক্ষা করতে পারে না, সে কীভাবে তার মিত্রদের রক্ষা করবে?”
যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর হতাহতের বিষয়ে জেনারেলশেকারচি বলেন, প্রমাণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত অনুযায়ী, ইরানের ইসলামি রিপাবলিকের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তৃতীয় চাপিয়ে দেয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র শত শত সেনা হারিয়েছে এবং হাজার হাজার মার্কিন সেনা আহত হয়েছে।
তিনি আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সামরিক আগ্রাসন চালিয়েছে, তাতে ১,০০০-এরও বেশি ইসরায়েলি সেনা নিহত এবং হাজার হাজার ইসরায়েলি সেনা আহত হয়েছে।
শেকারচির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নিহত সেনাদের সংখ্যা প্রকাশের ক্ষেত্রে মিথ্যা বলে এবং প্রকৃত তথ্য গোপন করে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আফগানিস্তান ও ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনাদের সংখ্যা অনেক সময় একজন মার্কিন সেনা নিহত হওয়ার বহু বছর পর প্রকাশ করা হয় এবং এরপর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। #
পার্সটুডে/এমএআর/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।