জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ
সাধারণ মানুষের ওপর থেকে আর্থিক বোঝা কমান: মোদির প্রতি কমল হাসান
-
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে বার্তা কমল হাসানের
পার্সটুডে- মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জেরে দেশে জ্বালানির দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে আমজনতাকে মূল্যস্ফীতির হাত থেকে বাঁচাতে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি জরুরি জাতীয় সম্মেলন ডাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানালেন ‘মাক্কাল নীতি মইয়াম’ প্রধান ও তামিলনাড়ু রাজ্যসভার সাংসদ কমল হাসান।
সাধারণ মানুষের ওপর থেকে আর্থিক বোঝা কমাতে এবং গণপরিবহন ব্যবহারে উৎসাহ দিতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই সমন্বিত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিবিদ।
আমজনতাকে স্বস্তি দিতে মূলত দুটি সুনির্দিষ্ট পদক্ষেপ অবিলম্বে নেওয়ার দাবি জানিয়েছেন কমল হাসান। প্রথমত, পেট্রোল ও ডিজেলের ওপর আরোপিত ভ্যাট বা মূল্য সংযোজন কর কমাতে হবে কেন্দ্র ও রাজ্যগুলিকে।
দ্বিতীয়ত, ট্রেন, মেট্রো এবং সরকারি বাসের ভাড়া উল্লেখযোগ্যভাবে কমাতে হবে, যাতে সাধারণ মানুষ ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহন ব্যবহারে উদ্বুদ্ধ হন। প্রধানমন্ত্রীর আগামী এক বছর দেশবাসীকে শক্তি সংরক্ষণের যে বার্তা দিয়েছেন, তাকে সমর্থন জানিয়ে কমল বলেন, এই জাতীয় সংকট মোকাবিলায় দলীয় রাজনীতির ঊর্ধ্বে ওঠা প্রয়োজন। তিনি যোগ করেন, “আজ আমাদের সাশ্রয় করা শক্তির প্রতিটি ইউনিট আগামীকালের ভারতকে শক্তিশালী করবে। তেলের প্রতিটি ফোঁটা সাশ্রয় দেশের দরিদ্রতম মানুষকে মূল্যস্ফীতির হাত থেকে রক্ষা করবে। আমরা যদি একসঙ্গে এই সংকটের মুখোমুখি হই, তবে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।