কংগ্রেস-এআইইউডিএফ জোট ক্ষমতায় এলেই সমস্ত মাদ্রাসা খুলে দেওয়া হবে : আজমল
https://parstoday.ir/bn/news/india-i84372-কংগ্রেস_এআইইউডিএফ_জোট_ক্ষমতায়_এলেই_সমস্ত_মাদ্রাসা_খুলে_দেওয়া_হবে_আজমল
ভারতের অসমে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল বলেছেন, কংগ্রেস-এআইইউডিএফ জোট ক্ষমতায় এলেই সমস্ত মাদ্রাসা খুলে দেওয়া হবে। আজ (মঙ্গলবার) গণমাধ্যমে তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। তিনি বলেন, একবার ক্যাবিনেট মিটিং ডেকে একেরপর এক মাদ্রাসা খুলে দেবো, তখন দেখব কে আটকায়?’
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ০৩, ২০২০ ১৮:৩১ Asia/Dhaka
  • মাওলানা বদরউদ্দিন আজমল
    মাওলানা বদরউদ্দিন আজমল

ভারতের অসমে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল বলেছেন, কংগ্রেস-এআইইউডিএফ জোট ক্ষমতায় এলেই সমস্ত মাদ্রাসা খুলে দেওয়া হবে। আজ (মঙ্গলবার) গণমাধ্যমে তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। তিনি বলেন, একবার ক্যাবিনেট মিটিং ডেকে একেরপর এক মাদ্রাসা খুলে দেবো, তখন দেখব কে আটকায়?’

বিজেপিশাসিত অসমের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি রাজ্যে সমস্ত সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। বন্ধ হতে যাওয়া মাদ্রাসার সংখ্যা ৬১০ টি বলেও তিনি জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ জানিয়ে মাওলানা বদরউদ্দিন আজমল বলেন, ‘সব ক্ষমতা কী আপনার হাতে রয়েছে? মাদ্রসার কোনও মানুষ আপনার ওই কথায় ভয় পায় না। আর বেশিদিন নেই আমরাই ক্ষমতায় ফিরছি। এক লাখ হিমন্তবিশ্ব শর্মার মতো লোক এলেও আমদের এ কাজ করা থেকে রুখতে পারবে না।’ কংগ্রেস-এআইইউডিএফ আঁতাতে বিজেপি নেতৃত্ব কাঁপছে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, মাওলানা বদরউদ্দিন আজমলের পাল্টা জবাবে হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘মাদ্রাসা খোলার স্বপ্ন আজমলের বাদ দেওয়া উচিত। অসমে কোনওভাবেই আজমল সরকার গঠন করতে পারবে না। বিজেপি কর্মীদের  শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এআইইউডিএফ এবং কংগ্রেসকে দিসপুরের মসনদে বসতে দেওয়া হবে না।’

বিজেপিশাসিত অসমের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

সম্প্রতি অসমের শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের ৬১০ টি মাদ্রাসা বন্ধ করা হবে এবং সেগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি মাদ্রাসা বোর্ডও বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা করেন। নভেম্বরে এব্যাপারে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানান। এরপরেই ওই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর ঘোষণার তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করা হচ্ছে।

গত সেপ্টেম্বরে রাজ্যের শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে ওই ইস্যুতে  আলোচনায় বসেন অসমের বিশিষ্ট আলেম ও মুসলিম সংগঠনের প্রতিনিধিরা। তারা এ সময়ে মন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানান, মাদ্রাসায় কেবলমাত্র আরবি শিক্ষা দেওয়া হয় না। আরবির পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার মধ্যদিয়ে জীবন গড়ার শিক্ষা দেওয়া হয়। তাছাড়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অনেকবারই সংস্কার করে তা আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। সেজন্য শিক্ষামন্ত্রীকে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান জমিয়তে উলামায়ে হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, জামায়াতে ইসলামী হিন্দ, নিজামুল মুসলেমিন ও নদওয়াতুত তামিরের প্রতিনিধিরা। যদিও পরবর্তীতে শিক্ষামন্ত্রী সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তে অনড় মনোভাব ব্যক্ত করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।