ইরানে আরবাঈন পদযাত্রায় লাখো মানুষের ঢল; ‘ইয়া লাসারাতিল হুসাইন’-এর ধ্বনিতে মুখর জনপদ
পার্সটুডে: পবিত্র আরবাঈন উপলক্ষে ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে লাখো মানুষের অংশগ্রহণে আরবাঈনের ‘জামান্দেগান’ (যারা কারবালায় যেতে পারেননি) পদযাত্রা শুরু হয়েছে। এ বছরের কর্মসূচি ‘উঠে দাঁড়াতেই হবে’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে এবং শহীদ বিপ্লবী নেতা ও প্রতিরোধ ফ্রন্টের শহীদদের স্মৃতিকে উৎসর্গ করা হয়েছে।
মেহর নিউজ এজেন্সির বরাতে পার্স টুডে জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে তেহরান ও ইরানের বিভিন্ন শহরে এই বিশাল পদযাত্রা শুরু হয়।
এ বছর পদযাত্রার সাংস্কৃতিক উপকরণে শহীদ বিপ্লবী নেতার মুষ্টিবদ্ধ হাতের প্রতীক ব্যবহার করা হয়েছে। পুরো আয়োজন শহীদ নেতৃবৃন্দ ও প্রতিরোধ আন্দোলনের শহীদ কমান্ডারদের স্মৃতিচারণে অনুষ্ঠিত হচ্ছে এবং তাদের পক্ষ থেকে প্রতীকীভাবে এই পদযাত্রা সম্পন্ন করা হচ্ছে।
অংশগ্রহণকারীরা ‘ইয়া লাসারাতিল হুসাইন’ লেখা পতাকা বহন করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও প্রতিবাদের বার্তা তুলে ধরেন।
আহলে বাইতের প্রতি গভীর ভালোবাসা ও ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারতের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ মানুষের কাছে দূরত্ব বা সীমান্ত কোনো বাধা নয়। তারা আজ তেহরানের নির্ধারিত গন্তব্যের দিকে পদযাত্রা করে ইরাকের আরবাঈনের পরিবেশের প্রতিচ্ছবি সৃষ্টি করছেন।
১৪০৫ হিজরি শামসী সালের এই আরবাঈন পদযাত্রা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরানের জনগণ সম্প্রতি সংঘটিত যুদ্ধে শহীদ হওয়া বিপ্লবী নেতা এবং শত শত মানুষের শোক বয়ে বেড়াচ্ছে। এ কারণে পদযাত্রার সূচনাস্থল তেহরানের ইমাম হুসাইন (আ.) চত্বরে শহীদদের স্মরণে বিভিন্ন প্রতীক ও প্রদর্শনী স্থাপন করা হয়েছে।
তেহরানসহ দেশের বিভিন্ন শহরে পরিবার ও বন্ধুদের নিয়ে দলবদ্ধভাবে মানুষ পদযাত্রায় অংশ নিচ্ছেন। তারা ‘ইয়া লাসারাতিল হুসাইন’ পতাকা এবং শহীদদের ছবি বহন করে আশুরার আদর্শ ও প্রতিরোধের চেতনার প্রতি তাদের অঙ্গীকার প্রকাশ করছেন।
আরবাঈন কেবল একটি ঐতিহাসিক স্মরণানুষ্ঠান বা ধর্মীয় আচার নয়; এটি স্বাধীনতা, ন্যায়বিচার, সত্যের পক্ষে অবস্থান এবং জুলুমবিরোধী আদর্শের প্রতি বার্ষিক অঙ্গীকার পুনর্নবীকরণের এক মহাসমাবেশ। হযরত জয়নাব (সা.) ও ইমাম সাজ্জাদ (আ.)-এর জাগরণী ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় ও মানবিক সমাবেশে পরিণত হয়েছে, যেখানে লাখো মানুষ নাজাফ থেকে কারবালা পর্যন্ত পায়ে হেঁটে ইমাম হুসাইন (আ.)-এর চিরন্তন বার্তাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছেন।#
পার্সটুডে/এমবিএ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।