চুক্তি ছাড়াই যুদ্ধ শেষের ইঙ্গিত, ইরান নিয়ে বিস্ময়কর দাবি ট্রাম্পের
https://parstoday.ir/bn/news/event-i158164-চুক্তি_ছাড়াই_যুদ্ধ_শেষের_ইঙ্গিত_ইরান_নিয়ে_বিস্ময়কর_দাবি_ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ করতে চায়—চুক্তি হোক বা না হোক। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজন হলে কোনো সমঝোতা ছাড়াই ওয়াশিংটন এই যুদ্ধের ইতি টানবে।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
এপ্রিল ০১, ২০২৬ ০৫:১৩ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ করতে চায়—চুক্তি হোক বা না হোক। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজন হলে কোনো সমঝোতা ছাড়াই ওয়াশিংটন এই যুদ্ধের ইতি টানবে।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তার প্রধান সামরিক লক্ষ্য অর্জন করেছে। তাঁর ভাষায়, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ছিল এই অভিযানের উদ্দেশ্য এবং সেই লক্ষ্য পূরণ হয়েছে। তিনি বলেন, “ইরানে আমাদের মিশন খুব শিগগিরই শেষ হবে। আমরা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসব।”

তবে বক্তব্যের বিভিন্ন পর্যায়ে ট্রাম্পের মন্তব্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। একদিকে তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো উদ্দেশ্য তাঁর ছিল না; অন্যদিকে দাবি করেন, দেশটির শাসনে ইতোমধ্যেই পরিবর্তন ঘটে গেছে। এমনকি তিনি ইরানকে “প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হয়েছে” বলেও মন্তব্য করেন।

ইরানের সামরিক সক্ষমতা নিয়েও বড় ধরনের দাবি করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশটির নৌ, স্থল ও বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে, এমনকি টেলিযোগাযোগ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়েছে।

এদিকে, ইরানের পুনর্গঠন নিয়েও কঠোর মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটি এতটাই ক্ষতিগ্রস্ত যে, পুনর্গঠনে ১৫ থেকে ২০ বছর সময় লাগতে পারে। “আমরা তাদের অনেক পেছনে ঠেলে দিয়েছি,”—এমন মন্তব্যও করেন তিনি।

আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “তারা যদি আলোচনায় আসে, ভালো। না এলেও আমাদের কিছু যায় আসে না।” একইসঙ্গে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইরান পাল্টা পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।#

পার্সটুডে/এমএআর/১