আরেক ফিলিস্তিনি যুবককে হত্যা করল ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i51415-আরেক_ফিলিস্তিনি_যুবককে_হত্যা_করল_ইহুদিবাদী_ইসরাইল
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছেন। আমেরিকার পক্ষ থেকে জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময় তার ওপর গুলি চালায় ইহুদিবাদী সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৮ ০৩:১০ Asia/Dhaka
  • নিহত ফিলিস্তিনি যুবক আহমেদ সালিম (ফাইল ছবি)
    নিহত ফিলিস্তিনি যুবক আহমেদ সালিম (ফাইল ছবি)

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছেন। আমেরিকার পক্ষ থেকে জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময় তার ওপর গুলি চালায় ইহুদিবাদী সেনারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পশ্চিম তীরের কালকিলিয়া শহরের কাছে একটি গ্রামে ফিলিস্তিনি যুবক আহমেদ সালিমের মাথায় গুলি করে ইসরাইলি সেনারা। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আহমেদ সালিমের বয়স ২৫ বছর ছিল বলে ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে।

এই নিয়ে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহা বিতর্কিত ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী সেনাদের গুলিতে ১৭ ফিলিস্তিনি নিহত হলো।

জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমন করছে ইহুদিবাদী সেনারা

সারাবিশ্বের কঠোর বিরোধিতা উপেক্ষা করে ট্রাম্প গত ৬ ডিসেম্বর মুসলমানদের প্রথম ক্বেবলার শহর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। ইহুদিবাদী ইসরাইল বহু বছর ধরে জেরুজালেমকে নিজের রাজধানী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করলেও এতদিন সে আবেদনে কেউ সাড়া দেয়নি।

ট্রাম্পের ওই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিদিনই জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বিক্ষোভ দেখাচ্ছেন ফিলিস্তিনিরা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬