ইহুদিবাদী নৃশংসতায় দুই ফিলিস্তিনির শাহাদাত ও প্রতিরোধে নিহত ২ ইসরাইলি
https://parstoday.ir/bn/news/west_asia-i51581-ইহুদিবাদী_নৃশংসতায়_দুই_ফিলিস্তিনির_শাহাদাত_ও_প্রতিরোধে_নিহত_২_ইসরাইলি
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সাম্প্রতিক হামলায় দুই ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৮ ০৯:০৭ Asia/Dhaka
  • ইহুদিবাদী নৃশংসতায় দুই ফিলিস্তিনির শাহাদাত ও প্রতিরোধে নিহত ২ ইসরাইলি

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সাম্প্রতিক হামলায় দুই ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার রাতে জানিয়েছে, জেনিন শহরে ফিলিস্তিনিদের বাড়িঘরে হানাদার ইসরাইলি সেনাদের হামলায় এক ফিলিস্তিনি যুবক শাহাদাত বরণ করেন। আগ্রাসী ইসরাইলি সেনারা একই অভিযানে দুই ফিলিস্তিনিকে বন্দি করে। ইসরাইলি হামলার জবাবে ফিলিস্তিনিরা হানাদার ইহুদিবাদী সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এতে দুই ইসরাইলি সেনা আহত হয়।

অবশ্য ইরানের আরবিভাষী স্যাটেলাইট টেলিভিশন আল-আলম ফিলিস্তিনি সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে, জেনিনে ফিলিস্তিনিদের প্রতিরোধে এক ইসরাইলি সেনা নিহত ও অন্য এক হানাদার সেনা আহত হয়।

দক্ষিণ ফিলিস্তিনে ইহুদিবাদীদের অবৈধ বসতি এশকুলেও এক ফিলিস্তিনি সংগ্রামীর ধারালো অস্ত্রের হামলায় এক ইহুদিবাদী অভিবাসী নিহত হয়। পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা খবর দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের মুসলমানদের ক্ষুব্ধ করে গত ৬ ডিসেম্বর বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। তিনি তেলআবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়া হবে বলেও ঘোষণা দেন। সেই থেকে এ পর্যন্ত ২২ জনেরও বেশি ফিলিস্তিনি দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে শাহাদাত বরণ করেছেন। সংঘর্ষে কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছে। বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে রয়েছে মুসলমানদের প্রথম কেবলা। #

পার্সটুডে/এমএএইচ/১৯