বৃহস্পতিবার সিরিয়ায় হামলা শুরু হতে পারে: ব্রিটিশ গণমাধ্যম
-
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
সিরিয়ায় রাসায়নিক হামলার ঘটনাটি কীভাবে মোকাবেলা করবেন সে বিষয়ে পশ্চিমা নেতারা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ বলছে, বৃহস্পতিবারের মধ্যে যুদ্ধ-বিধ্বস্ত আরব দেশটির ওপর সামরিক হামলা শুরু হতে পারে।
গতকাল (বুধবার) পত্রিকাটি এক প্রতিবেদনে বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে এ হামলা শুরু হতে পারে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আমেরিকা ও ফ্রান্সের সামরিক বাহিনীর সঙ্গে যোগ দেয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান নি বলে পত্রিকাটি জানিয়েছে। অবশ্য, তিনি সিরিয়ায় সম্ভাব্য হামলার জন্য ব্রিটিশ সাবমেরিনকে এমনভাবে অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন যাতে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো যায়। ব্রিটেন আশা করছে, সাবমেরিন থেকে সিরিয়ার ওপর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।
এদিকে, হোয়াইট হাউজের তথ্য মতে- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সিরিয়ায় হামলার বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেন নি। এর আগে তিনি টুইটার বার্তায় বলেছেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হবে এবং রাশিয়াকে সে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। রাশিয়াও বলেছে, সিরিয়ায় হামলা হলে মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২