‘খুবই ক্ষুব্ধ’ হয়েছে আমেরিকা!
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র একজন নারী পরিদর্শককে ঢুকতে না দেয়ার কারণে তেহরানের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা। গত ২৮ অক্টোবর ওই নারী পরিদর্শকের কাছে নাইট্রেট বিস্ফোরক পাওয়া গেছে এবং তাকে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি বাতিল করে ইরান।
এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আইএইএ'র ওই পরিদর্শককে ইরান আটক করে যা খুবই উদ্বেগজনক এবং ভীতিকর। তিনি বলেন, আইএইএ’র পরিদর্শকদেরকে অবশ্যই কোনো রকমের বাধা ছাড়াই ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ দিতে হবে।
গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে পম্পেও এসব কথা বলেন। তিনি আরো বলেন, “আমরা ইরানকে আহ্বান জানাব যত শিগগিরি সম্ভব এ বিষয়টি মীমাংসা করতে এবং আইএইএ'র পরিদর্শকদেরকে যে ধরনের সুযোগ-সুবিধা দিয়ে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়া উচিত ইরানকে তা করতে হবে।”
এদিকে, আইএইএ-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম গরিবাবাদি ৩৫ জাতির সংস্থার বোর্ড অব গভরনর্সের বৈঠকে জানিয়েছেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনা পরিদর্শনের আগে আইএইএ'র ওই নারী পরিদর্শকের কাছে নাইট্রেট বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়। তিনি বলেন, নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ঘণ্টাধ্বনি বেজে ওঠে এবং একজন বিশেষ ব্যক্তির জন্য সংকেত দিচ্ছিল। এ অবস্থায় ইরান কর্তৃপক্ষ বারবার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ওই নারীর ক্ষেত্রে ফলাফল বারবার একই এসেছে এবং তাকে পরমাণু স্থাপনায় ঢুকতে দেয়া হয় নি।
রাষ্ট্রদূত গরিবাবাদি বলেন, এমনকি ওই নারী পরিদর্শককে বাথরুমে নিয়ে ইরানের নারী কর্মীরা দেহ তল্লাশি চালানোর পর যখন ফিরে আসেন তখন আবারো সতর্ক ঘন্টা বাজতে শুরু করে। ইরানের রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, এ ব্যাপারে তেহরান এবং আইএইএ আরো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রকৃতপক্ষে কি ঘটেছে তার ব্যাখ্যা দেবে।
তিনি বলেন, ইরানের পরমাণু বিজ্ঞানী এবং স্থাপনাগুলো ওপর অতীতে বহুবার হামলা হয়েছে এবং অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানো হয়েছে। ফলে ইরান কোনভাবেই পরমাণু স্থাপনার নিরাপত্তা ব্যাপারে আপস করবে না।#
পার্সটুডে/এসআইবি/৯