ইরান থেকে বিদ্যুৎ আমদানি: আবারো নিষেধাজ্ঞা ছাড় পেল ইরাক
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে বিদ্যুৎ আমদানি করার জন্য ইরাককে আবারো নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে আমেরিকা। গতকাল (রোববার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ বিষয়ে আমেরিকার পক্ষ থেকে ঘোষণা দেন।
আমেরিকার পক্ষ থেকে এই ছাড় দেয়ার অর্থ হচ্ছে যে, বাগদাদের নতুন করে যে সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রতি ওয়াশিংটনের সমর্থন থাকবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বলেন, ইরান থেকে বিদ্যুৎ আমদানি করার ব্যাপারে ইরাককে ছাড় দেয়ার বিষয়টি অনুমোদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ইরাক এবং ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ইরান থেকে বিদ্যুৎ আমদানি মোটেই নির্ভরযোগ্য নয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ কর্মকর্তা বলেন, ইরাকে নতুন সরকার গঠন করা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি মূল্যায়ন করে দেখবেন যে আর কতদিন ইরান থেকে বিদ্যুৎ আমদানি করার প্রয়োজন রয়েছে। নতুন সরকার গঠনের পর আমেরিকা বাগদাদকে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে সহযোগিতা জোরদার করবে বলেও ওই কর্মকর্তা জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিলেও ইরান থেকে বিদ্যুৎ আমদানি করার ব্যাপারে বাগদাদকে এ পর্যন্ত দফায় দফায় নিষেধাজ্ঞা ছাড় দিয়ে আসছে ওয়াশিংটন।#
পার্সটুডে/এসআইবি/২৭