আলোচনায় ইউক্রেনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন পুতিন
-
পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনায় ইউক্রেন সময় ক্ষেপণ করছে। তিনি আজ (শুক্রবার) জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে ফোনালাপে এ কথা বলেছেন।
পুতিন আরও বলেছেন, আলোচনায় ইউক্রেন অবাস্তব প্রস্তাব তুলে ধরছে। এর মাধ্যমে আলোচনাকে দীর্ঘায়িত করা হচ্ছে। কিন্তু রাশিয়া তার নীতিমালার ভিত্তিতে সমাধানে পৌঁছাতে চায়।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যেকোনো উপায়ে আলোচনাকে দীর্ঘায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে দুই পক্ষের মধ্যে এ পর্যন্ত বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে। কিন্তু এই আলোচনায় কোনো ফলাফল বেরিয়ে আসেনি।
এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আবারও বলেছেন, তারা চান ইউক্রেনের নিরস্ত্রীকরণটা এমন হবে যাতে ঐ দেশ থেকে আর কোনো হুমকির সৃষ্টি না হয়। এর ফলে নিরাপত্তার যে নিশ্চয়তা আসবে তা রাশিয়া, ইউক্রেন এমনকি গোটা ইউরোপের জন্যই মঙ্গলজনক হবে।
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন, এর ফলে গোটা বিশ্বের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে।
২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।