ভেনিজুয়েলা থেকে রাশিয়াকে বেরিয়ে যেতে হবে: ট্রাম্প
-
গুয়াইডোর স্ত্রী ফাবিয়ানা রোজালেসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলা থেকে রাশিয়ার সেনাদের অবশ্যই বের হয়ে যেতে হবে। সম্প্রতি রাশিয়ার দুটি কার্গো বিমান ভেনিজুয়েলা গিয়েছিল সেদিকে ইঙ্গিত করে ট্রাম্প এই বক্তব্য দিলেন।
গতকাল (বুধবার) হোয়াইট হাউজে ভেনিজুয়েলার বিরোধীদলের নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইডোর স্ত্রী ফাবিয়ানা রোজালেস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন। সেখানে ট্রাম্প আগের প্রশাসনের দিকে ইঙ্গিত করে আরো বলেন, “সাবেক প্রশাসন এগুলো করার সুযোগ দিয়েছে। উত্তর কোরিয়া, পুরো মধ্যপ্রাচ্য ও ভেনিজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নানা রকমের সমস্যা রেখে গেছে। তবে এসব আমরা ঠিক করে দেব।”
সাক্ষাৎ অনুষ্ঠানে রোজালেস বলেন, “ভেনিজুয়েলায় এখন জীবন-মৃত্যুর সমস্যা চলছে। আমরা বেঁচে থাকতে চাই।”
চলমান সংকটে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাশে থাকার নিশ্চয়তা দিয়েছে রাশিয়া। পাশাপাশি সামরিক উপদেষ্টা পাঠিয়ে মস্কো বলেছে, ২০০১ সালে সই হওয়া চুক্তির অধীনে এসব সেনা পাঠানো হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৮