ভেনিজুয়েলা সরকারের সমস্ত সম্পত্তি আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
-
সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা সরকারের সমস্ত সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর বাড়তি চাপ সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় থাকা ভেনিজুয়েলা সরকারের সম্পত্তি আটকের নির্দেশ দিলেন।
গতকাল (সোমবার) প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে এক নির্বাহী আদেশে সই করেন। পশ্চিম গোলার্ধের কোনো দেশের বিরুদ্ধে গত ৩০ বছরের মধ্যে এই প্রথম মার্কিন সরকার এমন ব্যবস্থা নিল। ট্রাম্পের নির্দেশের কারণে ভেনিজুয়েলা সরকারের সঙ্গে মার্কিন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান কোনো রকমের লেনদেন করতে পারবে না।
প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে ভেনিজুয়েলার সামরিক বাহিনীকে বিদ্রোহী করে তোলার নানামুখী তৎপরতা ব্যর্থ হওয়ার পর দেশটির ওপর অবরোধ আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এর কয়েকদিন পর তিনি ভেনিজুয়েলা সরকারের যাবতীয় সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন। মাদুরো শুক্রবার বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ নিলে তা হবে বেআইনি এবং তার দেশের জনগণ জবাব দেয়ার জন্য প্রস্তুত।#
পার্সটুডে/এসআইবি/৬