তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধ করুন: আমেরিকাকে চীন
-
এমকিউ-৯ সিগার্ডিয়ান ড্রোন
তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। ওয়াশিংটন এবং তাইপে চলতি মাসের শেষ দিকে যখন অর্থনৈতিক ইস্যুতে বৈঠকে বসবে বলে ঘোষণা করেছে তখন চীন এই আহ্বান জানালো।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ (বুধবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের সময় তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। আমেরিকার সঙ্গে বেশ কিছু ইস্যুতে চীনের টানাপড়েন সৃষ্টি হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি।
ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাত্র কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের কাছে উন্নত প্রযুক্তির ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছেন। এ ঘটনাকে চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে উস্কানি হিসেবে বিবেচনা করছে বেইজিং।
গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে যে, মার্কিন পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের কাছে চারটি এমকিউ-৯ সিগার্ডিয়ান ড্রোন বিক্রি করার ব্যাপারে সম্মতি দিয়েছে। ৬০ কোটি ডলার মূল্যের এসব ড্রোন বিক্রির জন্য মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে মুখপাত্র ওয়াং ওয়েনবিন আগেই বলেছেন যে, আমেরিকা তাদের কাছে অত্যাধুনিক এই ড্রোন বিক্রি করলে তার বৈধ এবং প্রয়োজনীয় জবাব দেবে বেইজিং।
এর আগে গত ২৫ অক্টোবর আমেরিকা তাইওয়ানের কাছে ২৪০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। চীন তখন বলেছিল, নিজের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাগত স্বার্থ রক্ষার জন্য বেইজিং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।#
পার্সটুডে/এসআইবি/১১