জানুয়ারি ০৭, ২০২৩ ১০:১২ Asia/Dhaka

পাঠক! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান এবং আমি মুজাহিদুল ইসলাম। ৭ জানুয়ারি (শনিবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে রাজনীতি ও অর্থনৈতিক অঙ্গনের খবর ও প্রতিবেদন বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। অন্যদিকে ভারতের বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।  

বাংলাদেশের শিরোনাম:

  • জনগণ যদি বিজয়ী না করে, জনগণের কাতারে চলে যাব-প্রধানমন্ত্রী: প্রথম আলো
  • অবাধ নির্বাচন আয়োজনে বাংলাদেশ সরকার কীভাবে কাজ করে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র- মানবজমিন
  • যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুতে প্রবাসীদের বিক্ষোভ, তদন্ত দাবি: ইনকিলাব
  • খরচ মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ঢালাওভাবে ঋণ নিচ্ছে সরকার: ডেইলি স্টার
  • বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ: বণিকবার্তা
  • আইএমএফের ৩০ শর্তে রাজি বাংলাদেশ: সমকাল

ভারতের শিরোনাম:

  • বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতির অবস্থান ‘উজ্জ্বল', আশার কথা শোনাল আইএমএফ: সংবাদ প্রতিদিন
  • ৫ রাজ্যে লাভ জিহাদ আইন: সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষকোর্টে জমিয়তে উলামায়ে হিন্দ- পূবের কলম
  • মহিলাদের ওপর অত্যাচারকেও হাতিয়ার করে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে বিজেপি: গণশক্তি
  • এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করা ব্যক্তি বেঙ্গালুরু থেকে গ্রেফতার: আনন্দবাজার

বাংলাদেশের খবরের বিস্তারিত সংবাদ

জনগণ যদি বিজয়ী না করে, জনগণের কাতারে চলে যাব-প্রধানমন্ত্রী: প্রথম আলো

দেশের সাংবিধানিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো অপপ্রচারকে প্রশ্রয় বা উসকানি না দেওয়ার জন্য গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মানুষের অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের দল, জনগণের শান্তিতে বিশ্বাসী, জনগণের শক্তিতে বিশ্বাসী। জনগণ ভোট দিয়ে বিজয়ী করলে আওয়ামী লীগ দেশ গড়ার জাতীয় দায়িত্ব পালন অব্যাহত রাখবে। যদি বিজয়ী না করে, তাহলে আমরা জনগণের কাতারে চলে যাব। তবে যেখানেই থাকি, আমরা জনগণের সেবা করে যাব।’কিন্তু ষড়যন্ত্র করে কেউ যাতে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একই সঙ্গে, কেউ যাতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করে মানুষের জানমাল ও জীবিকার ক্ষতিসাধন করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

অবাধ নির্বাচন আয়োজনে বাংলাদেশ সরকার কীভাবে কাজ করে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র- মানবজমিন

বাংলাদেশে প্রকৃত, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন দেখতে চায় তারা। শুক্রবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে এক বিশেষ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এসব কথা বলেন। এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। আমরা এই চাওয়াকে স্বাগত জানাই। তবে এসব কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুতে প্রবাসীদের বিক্ষোভ, তদন্ত দাবি: ইনকিলাব

পুলিশের গুলিতে নবীন বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ ফয়সাল আরিফের মৃত্যুর ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না তার স্বজন ও বন্ধুরা। স্থানীয় মার্কিন সংবাদমাধ্যম ডেইলি ভয়েস ও ডব্লিউসিভিবির প্রতিবেদন থেকে জানা গেছে, একে পুলিশি হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে তারা। আরিফের মৃত্যুর বিচার দাবি করে বৃহস্পতিবার দুপুরে কেমব্রিজ সিটি হল প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও আরিফের সহপাঠীরা অংশ নেন সেখানে। উল্লেখ্য, মা-বাবার একমাত্র ছেলে আরিফ বছর সাতেক আগে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যুক্তরাষ্ট্রে যান। ২০ বছর বয়সি এই তরুণ পড়ালেখা করছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের বস্টন ক্যাম্পাসে।

খরচ মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ঢালাওভাবে ঋণ নিচ্ছে সরকার: ডেইলি স্টার

তারল্য সংকটের কারণে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থায়ন করতে না পারায় বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিচ্ছে সরকার।

সরকার যদি অব্যাহতভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে এমন ঋণ নিতে থাকে, তাহলে সামনে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে সরকার তাদের কাছ থেকে ৪৫ হাজার ৫৭ কোটি টাকা ঋণ নিয়েছে। আগের অর্থবছরের একই সময়ে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছিল ৩১ হাজার ৪০৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে নতুন ছাপানো টাকা বাজারে ছাড়া হচ্ছে। এই প্রক্রিয়া মূল্যস্ফীতির ওপর বিরূপ প্রভাব ফেলে বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অর্থ বাজারে গেলে পরবর্তীতে টাকার পরিমাণ ৫ গুণ পর্যন্ত বাড়তে পারে। অর্থনীতির ভাষায় যাকে 'মানি মাল্টিপ্লায়ার' বলা হয়।

বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ: বণিকবার্তা

কানাডিয়ান অনলাইন প্রকাশনা ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’-এর ‘দ্য টপ হেভি গ্লোবাল ইকোনমি’ শীর্ষক এক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যানের ভিত্তিতে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুটি মাত্র দেশ বাংলাদেশ ও ভারত ৫০টি বৃহত্তম অর্থনীতির অংশ হিসেবে বিবেচিত হয়েছে।

আইএমএফ-এর পরিসংখ্যান উদ্ধৃত করে, ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ ২৯ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে। দেশগুলোকে মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে ৪৬০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে ২০২২ সালে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৪১তম।

আইএমএফের ৩০ শর্তে রাজি বাংলাদেশ: সমকাল

সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৩০টি শর্তে রাজি হয়েছে বাংলাদেশ। ঢাকার একটি ইংরেজি দৈনিকে আজ শনিবার প্রকাশিত প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। ঋণ প্রস্তাবটি অনুমোদনের জন্য এ মাসের শেষের দিকে আইএমএফের নির্বাহী বোর্ডে উপস্থাপন করা হবে।

আইএমএফ বোর্ড বাংলাদেশের ঋণের আবেদন জানুয়ারিতে মঞ্জুর করলে, তাহলে পরের মাসেই প্রথম কিস্তিতে ৪৪ কোটি ৭৮ লাখ ডলার আসবে। এরপর ঋণ প্রস্তাবে উল্লেখিত সময়োপযোগী সংস্কারমূলক কাজ পূরণের শর্তে ৬৫৯ দশমিক ১৮ মিলিয়ন ডলারের ছয়টি সমান কিস্তিতে বাকি অর্থ পাবে বাংলাদেশ।

ভারতের খবরের বিস্তারিত

বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতির অবস্থান উজ্জ্বল, আশার কথা শোনাল আইএমএফ: সংবাদ প্রতিদিন

সঠিক পথেই এগোচ্ছে দেশের অর্থনীতি (Economy)। সারা বিশ্বের অর্থনীতির নিরিখে অপেক্ষাকৃত ‘উজ্জ্বল অবস্থানে’ রয়েছে ভারত। অতিমারীর কবল থেকে ফিরে এসে উল্লেখ্যযোগ্য ভাবে গড় মানের চেয়ে উপরেই অবস্থান করছে অর্থনৈতিক বৃদ্ধি। এমনটাই দাবি করলেন আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টয়নেত্তে সায়েহ।

একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনই আশার কথা শোনালেন তিনি। তবে তাঁর মতে, ভারতকে পরিষেবা রপ্তানিতে তার বিদ্যমান শক্তিকে কাজে লাগাতে হবে। এবং চাকরি-সমৃদ্ধ উৎপাদন রপ্তানিতে সেটিকে প্রসারিত করতে হবে। ২০২২ সালের অক্টোবরে তাদের রিপোর্টে আইএমএফ দাবি করেছিল, গত দুই দশকের মধ্যে সবথেকে বড় আর্থিক মন্দার একেবারে সামনে রয়েছে বিশ্ব। ২০২১ সালে বৃদ্ধি যেখানে ছিল ৬ শতাংশ, তা পরের বছরই নেমে এসেছিল প্রায় অর্ধেক, ৩.২ শতাংশে। কিন্তু এই বছর তা ২.৭-এ নেমে যাবে বলেই আশঙ্কা। এর প্রভাব পড়বে সারা বিশ্বে। এই অবস্থায় ভারতের পরিস্থিতি নিয়ে আইএমএফের ভবিষ্যদ্বাণী সত্য়িই আশার আলো দেখাচ্ছে।

৫ রাজ্যে লাভ জিহাদ আইন: সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষকোর্টে জমিয়তে উলামায়ে হিন্দ- পূবের কলম

বিভিন্ন বিজেপিশাসিত রাজ্য যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশের (এখানে ক্ষমতা হারিয়েছে বিজেপি) ধর্মান্তর বিরোধী আইনগুলিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। জমিয়তের তরফে মামলাটি করা হয়েছে জনস্বার্থ মামলা বা পিআইএল হিসেবে। জনস্বার্থ মামলায় উক্ত রাজ্যগুলির ধর্মান্তর আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আইনগুলি হল— (১) উত্তরপ্রদেশ প্রহিবিশন অব আনল ফুল কনভার্সন অব রিলিজিয়ান অ্যাক্ট ২০২১, (২) উত্তরাখণ্ড ফ্রিডম অব রিলিজিয়ান অ্যাক্ট ২০১৮, (৩) হিমাচলপ্রদেশ ফ্রিডম অব রিলিজিয়ান অ্যাক্ট ২০১৯ (হিমাচলে যখন বিজেপি ক্ষমতায় ছিল তখন আইনটি প্রণয়ন করা হয়), (৪) গুজরাত ফ্রিডম অব রিলিজিয়ান (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১১ এবং (৫) মধ্যপ্রদেশ ফ্রিডম অব রিলিজিয়ান অ্যাক্ট ২০২১। জমিয়ত এই পাঁচটি আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছে তাদের দায়ের করা মামলায়। জমিয়তের পক্ষে মামলাটি করেছেন আইনজীবী এজাজ মকবুল।

মহিলাদের ওপর অত্যাচারকেও হাতিয়ার করে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে বিজেপি: গণশক্তি

"কুড়ি বছর ধরে গুজরাট শ্বাস নিতে পারছে না। শ্বাসরোধ হয়ে গিয়েছে গুজরাটবাসীর। আমায় অনেকে প্রশ্ন করেন, আপনি একজন শিল্পী, তা-ও কেন শাসকের বিরুদ্ধে আঙুল তোলেন? ঠিকই, আমি একজন শিল্পী। কিন্তু আমি একজন মানুষও। তাই কখনোই চাইব না, কোনও মানুষ, কোনও পশু বা এই পৃথিবীর আর কেউ ধ্বংস হয়ে যাক।"

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ত্রয়োদশ সর্বভারতীয় সম্মেলন উদ্বোধন করে শুক্রবার বিজেপি’র কড়া সমালোচনা করলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই। তিনি বিভিন্ন সময়ে আওয়াজ তুলেছেন বিজেপি-আরএসএস’র বিরুদ্ধে। এদিন তিনি বললেন, ‘‘একশো বছর আগে লাভ জিহাদ থাকলে, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার দাদা-দাদী, নানা-নানি, মা-বাবা ভিন্নধর্মে বিয়ে করেছেন। যদি তাঁরা লাভ জিহাদের শিকার হতেন, তাহলে আমি কোথায় থাকতাম?’’

এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করা ব্যক্তি বেঙ্গালুরু থেকে গ্রেফতার: আনন্দবাজার

নিউ ইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছিলেন তিনি। মুম্বইয়ের বাসিন্দা সেই ব্যক্তি, শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শঙ্করকে গ্রেফতার করার জন্য তাঁর নামে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, তার জন্য দেশের বিভিন্ন বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছিল। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করা হল।

পাঠক, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারো আগামীকাল।

পার্সটুডে/আশরাফুর রহমান/৭