বাংলাদেশে বিভিন্ন দুর্যোগের কারণে
৭ বছরে ৯৪ লাখ মানুষ বাস্তুচ্যুত
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশের সঙ্গে বিদ্যুতের মূল্যছাড় নিয়ে আলোচনা হচ্ছে না: আদানি গোষ্ঠী-প্রথম আলো
- ইউক্রেনে ব্রিটেন যুদ্ধবিমান পাঠালে যে ভয়াবহ পরিণতির হুশিয়ারি দিল রাশিয়া- যুগান্তর
- ইসির নিবন্ধন পাবে তৃণমূল বিএনপি : ইসি আলমগীর-বাংলাদেশ প্রতিদিন
- এ বছর ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া-কালের কণ্ঠ
- ৭ বছরে ৯৪ লাখ মানুষ বাস্তুচ্যুত-ডেইলি স্টার
- প্রশ্নের মুখে ‘১৫তম সংশোধনীর সাংবিধানিকতা’-মানবজমিন
- বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা-ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- গ্রুপ ডি মামলায় ২৮১৯ জনের চাকরি বাতিলের পথে হাই কোর্ট-আনন্দবাজার পত্রিকা
- ‘গরিব লোকের টাকা মারবেন না’, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন
- আদানি নিয়ে নিশ্চূপ থেকে আড়ালই করলেন মোদী-গণশক্তি
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
দ্বাদশ জাতীয় নির্বাচন প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে খোদ ইসিই এখন সন্দিহান-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার পথে ১৪টি চ্যালেঞ্জ বা বাধা চিহ্নিত করেছিল বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। এসব বাধা উত্তরণে ইসি নিজেদের কর্মপরিকল্পনায় ১৯টি উপায় উল্লেখ করেছিল। তার একটি প্রতিটি ভোটকক্ষে সিসি (ক্লোজড সার্কিট) টিভি ক্যামেরা স্থাপন। কিন্তু ইসি এখন এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে সন্দিহান। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন একটি ভালো উদ্যোগ। কিন্তু তা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের একমাত্র উপায় নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি দরকার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করা। সর্বোপরি মাঠপর্যায়ে ইসির পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অপরিহার্য।
দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে,ভারতের আদানি গোষ্ঠীর কাছ থেকে বিদ্যুৎ কেনায় মূল্যছাড় চাইছে বাংলাদেশ। গত মঙ্গলবার ভারতের স্টক এক্সচেঞ্জ থেকে প্রকাশিত এক চিঠিতে বিষয়টি জানা গেছে। তবে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রির চুক্তির শর্ত নিয়ে নতুন করে কোনো আলোচনা হচ্ছে না বলে আদানি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে।
২০৩০ সালের মধ্যে ভিন্ন রেল যোগাযোগের সাক্ষী হবে ঢাকা : প্রধানমন্ত্রী-যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যানজট নিরসনে ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী একটি ভিন্ন রেল যোগাযোগের সাক্ষী হবে।
তিনি বলেন, ইনশাল্লাহ ২০৩০ সালের মধ্যে এই ঢাকা শহরেই রেল যোগযোগের একটা আলাদা পরিবেশ তৈরী হবে। এতে মানুষের যোগাযোগ, যাতায়াত এবং আমাদের তেলের খরচ-অনেক কিছুই বাঁচবে। ঢাকা শহর যানজটও মুক্ত হবে। সেভাবেই আমরা আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যাচ্ছি।
৭ বছরে ৯৪ লাখ মানুষ বাস্তুচ্যুত-ডেইলি স্টার বাংলার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ২০১৪ সাল থেকে ৭ বছরে দেশের ৫৮ জেলায় জলবায়ু সংক্রান্ত বিভিন্ন দুর্যোগে অন্তত ১ হাজার ৫৩ জনের প্রাণহানি ও ৯৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এক সমীক্ষায় দেখা গেছে, মৌসুমি-আকস্মিক বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগের কারণে বাংলাদেশ ৭ বছরে ৪ হাজার ১২০ মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এই ৭ বছরে ১৫টি বড় দুর্যোগে ৪ কোটি ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সময়ে বাংলাদেশ ১০৪ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে। গবেষণায় অনুমান করা হয়েছে, একই সময়ে দুর্যোগের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ হবে অন্তত ৩৩৭ দশমিক ৯৪ মিলিয়ন ডলার।
বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা-ইত্তেফাক
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান প্রথম। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৪ টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৯২ রেকর্ড করা হয়েছে, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এদিকে, একিউআই এর তথ্যে জানা যায়, ২০২১ সালে রাজধানী ঢাকায় ৬ হাজার ৮০০ জনের মৃত্যুর জন্য দায়ী দূষিত বাতাস।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
‘যত কাদা ছেটাবে ততই পদ্ম ফুটবে’, রাজ্যসভায় হুঙ্কার মোদির-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আদানি ইস্যুকে হাতিয়ার করে তাঁর মুণ্ডপাত করেছেন রাহুল গান্ধী-সহ বিরোধীরা। এই পরিস্থিতিতে বুধবার সংসদে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এরপর বৃহস্পতিবারও রাজ্যসভায় বিরোধীদের বিরুদ্ধে কার্যতই ফুঁসে উঠতে দেখা গেল মোদিকে।এদিন প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই বিরোধীদের তুমুল বিক্ষোভ দেখাতে দেখা যায়। এই পরিস্থিতিতে বলতে উঠে প্রধানমন্ত্রীর কটাক্ষ, ”সমস্যা সমাধানের চেষ্টাই নেই বিরোধীদের। তাদের হাতে কাদা আছে, তারা সেটাই ছুঁড়ছে। যতই কাদা ছেটানো হবে ততই পদ্ম ফুটবে।
দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে হাওড়ার পাঁচলার অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ৯০০টি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। তুলে ধরলেন রাজ্যের উন্নয়নের খতিয়ান। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বৃহস্পতিবারও সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘গরিব লোকের টাকা মারবেন না’, বলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯