ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১৩ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আইএমএফ কি বাংলাদেশের অর্থনীতির উদ্ধারকর্তা-প্রথম আলো
  • এবার অঙ্গদানের প্রতিশ্রুতি দিলেন বিএসএমএমইউ ভিসিসহ ৭ জন- যুগান্তর 
  • 'গণতন্ত্র ও সংবিধানে আগ্রহ নেই বলেই নতুন রাষ্ট্রপতি নিয়ে আগ্রহ নেই বিএনপির'-বাংলাদেশ প্রতিদিন 
  • প্রতিদ্বন্দ্বী নেই, সাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা -কালের কণ্ঠ
  • পিবিআই অনুসন্ধান ৩০ লাখ টাকার লোভে খুনিকে দিয়ে বাবাকে হত্যা-মানবজমিন
  • আমাদের দৃষ্টি এখন সমুদ্র অঞ্চলের দিকে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীরা ডিভিশন বেঞ্চে -আনন্দবাজার পত্রিকা
  • নিয়োগ দুর্নীতিতে আরও কড়া হাই কোর্ট, চাকরিপ্রার্থীর আত্মহত্যায় CBI তদন্তের নির্দেশ মান্থার -সংবাদ প্রতিদিন
  • আদানি তদন্তের ভয়ে মুলতুবি রাজ্যসভা-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

সাহাবুদ্দিন চুপ্পু

সাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা-মানবজমিনসহ বেশ কয়েকটি দৈনিকে এ খবরটি পরিবেশিত হয়েছে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশের ২২তম প্রেসিডেন্ট পদে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আজ সোমবার মনোনয়নপত্র যাচাই শেষে তাকে নির্বাচিত ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

আইএমএফ কি বাংলাদেশের অর্থনীতির উদ্ধারকর্তা-এটি প্রথম আলোর শিরোনাম।

আইএমএফ

আইএমএফ মোটেও জনপ্রিয় কোনো সংস্থা নয়। দেশে-দেশে আইএমএফের বিরুদ্ধে বিক্ষোভও কম হয়নি। তারপরও অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার পেতে অনেক দেশকেই যেতে হয়েছে তাদের কাছে। প্রশ্ন হচ্ছে, আইএমএফ কি আসলেই অর্থনীতির উদ্ধারকর্তা।

অর্থনীতিবিদ শওকত হোসেন তার এ কলামে লিখেছেন,আইএমএফের ঋণ অর্থনীতিকে উদ্ধার করতে পারবে না, সাময়িক স্বস্তি দেবে হয়তো। অর্থনীতিকে ঠিক করতে হলে সংস্কার করতে হবে নিজেদের মতো করে, নিজেদের প্রয়োজনে। এ জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছা। বাংলাদেশ এতদিন সেই অঙ্গীকার দেখাতে পারেনি। প্রশ্ন হচ্ছে, এবার কি পারবে, বিশেষ করে নির্বাচনী বছরের আগে ও পরে? নাকি সাময়িক স্বস্তি পাওয়াই আপাতত উদ্দেশ্য।

অপরাধ বিষয়ক খবরে দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনে লেখা হয়েছে, রাজধানীর পুরান ঢাকার এক পরিবহন ব্যবসায়ীকে চায়ের দাওয়াত দিয়ে  ডেকে নেন চকবাজার থানার ওসি আবদুল কাইয়ুম। এরপর টাকার দাবিতে দুদিন আটকে রেখে নির্যাতন চালানো হয় ওই ব্যবসায়ীর ওপর। অস্ত্র ও মাদক মামলা দেয়ার ভয় দেখানো হয়। বাধ্য হয়ে ওসির দাবিকৃত ১৫ লাখ টাকা নিয়ে থানায় হাজির হন ওই ব্যবসায়ীর স্ত্রী। টাকা পেয়ে দুর্বল মামলা দিয়ে ব্যবসায়ীকে কারাগারে পাঠান ওই ওসি। গত ২৬শে জানুয়ারি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। দৈনিক যুগান্তরের অনুসন্ধানে এ তথ্য উঠেছে।

মানবজমিনের একটি অপরাধ বিষয়ক খবরে লেখা হয়েছে, বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ব্যাংক থেকে ৩০ লাখ টাকা তুলেছিলেন। বোনদের ঠকিয়ে সেই টাকা আত্মসাতের লোভ করেন আব্দুল হালিমের ছেলে এইচ এম মাসুদ।   এজন্য ৫ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে বাবাকে খুন করান মাসুদ। মৃত্যু নিশ্চিত হতে ডিজিটাল প্রেসার মাপার মেশিন দিয়ে যাচাইও করেন। এরপর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে সাজান ডাকাতির নাটক। গতকাল দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে পিবিআই সদর দপ্তরে রুবেলকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

দিনে পদযাত্রা, রাতে পদলেহন করে বিএনপি : তথ্যমন্ত্রী-রাজনীতি বিষয়ক এ খবরে দৈনিক কালের কণ্ঠে লেখা হয়েছে, বিএনপি দিনে পদযাত্রা আর রাতে কূটনীতিকদের পদলেহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি আন্দোলনে সফল হবে না। এভাবে সরকারকে বিদায় জানাতে পারবে না।

আজ সোমবার দুপুরে প্রথম ক্যাডবেরিক রোগী হিসেবে সারাহ ইসলামের অঙ্গ অন্য চারজনের দেহে প্রতিস্থাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীরা ডিভিশন বেঞ্চে-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি নিযুক্ত ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি একসঙ্গে বাতিল করেছিলেন। এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়েছেন চাকরি যাওয়া কর্মীরা।শুক্রবারই বেআইনি নিয়োগের অভিযোগে এসএসসি নিযুক্ত ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল করেছিল হাই কোর্ট। ওই সিদ্ধান্ত নিয়েছিল হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানানো হয়েছে ডিভিশন বেঞ্চে।

নিয়োগ দুর্নীতিতে আরও কড়া হাই কোর্ট, চাকরিপ্রার্থীর আত্মহত্যায় CBI তদন্তের নির্দেশ মান্থার-সংবাদপ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ঘুষ দেওয়ার পরেও চাকরি পাননি বলেই অভিযোগ। হতাশায় শেষমেশ চাকরিপ্রার্থী আত্মহত্যা করেন। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। সেই দাবিতে সায় দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা আবদুর রহমান, এসএসসি গ্রুপ-ডি পরীক্ষা দিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, সেই সময় এক দালাল যুবককে জানায়, পরীক্ষা না দিলেও প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া যাবে। কিন্তু তার জন্য ৬ লক্ষ টাকা দাবি করা হয়। ওই যুবকের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব ছিল না। কোনওরকম ২ লক্ষ টাকা জোগাড় করে দালালকে দেন আবদুর। এরপর সময় পেরিয়েছে কিন্তু চাকরি পাননি ওই যুবক। গত সেপ্টেম্বরে বাড়ি থেকে আবদুরের দেহ উদ্ধার হয়। ৯ পাতার সুইসাইড নোটও উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবি, মানসিক হতাশায় বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন মৃতের পরিবারের লোকজন।

রাজ্যপালের ভাষণে ‘ভুল তথ্য’! বিধানসভায় অভিযোগ শুভেন্দুর, স্বাধিকারভঙ্গের নোটিস-গণশক্তিসহসহ বিভিন্ন দৈনিকে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, বিধানসভা অধিবেশনে ফের বিশৃঙ্খলা। সোমবার রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য পেশ করার কথা মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার। সেখানে বিরোধী দলনেতা বলতে উঠে রাজ্যপালের ভাষণে যেসব ‘ভুল তথ্য’ রয়েছে, তা নিয়ে বলতে শুরু করেন। তাঁকে রাজ্য সরকার ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন। তাতে স্পিকার তাঁকে জানান, তাঁর নির্দিষ্ট অভিযোগকে মান্যতা দেওয়া হবে না। তাতেই ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ বিজেপি বিধায়করা। তাতে অপমানিত হন বোধ করেন স্পিকার। তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের (Motion of Priviledge) নোটিস আনার প্রস্তাব দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯