ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা
ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের সত্যতা পেল তদন্ত কমিটি
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২৭ ফেব্রুয়ারি সোমাবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- অবৈধ ক্ষমতা দখলকারীরা সবকিছু ধ্বংস করে দিয়ে যায় : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
- খালেদা জিয়া ইস্যুতে কড়া জবাব ফখরুলের-বললেন সরকার নাটক করছে-ইত্তেফাক
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ- যুগান্তর
- কাছে গিয়ে ‘সালাম দিয়ে সব ছিনিয়ে নেন তাঁরা-প্রথম আলো
- ইবিতে ছাত্রী নির্যাতন: সত্যতা পেল তদন্ত কমিটি-মানবজমিন
- বিএনপি একটি অবৈধ দল-বললেন শিক্ষামন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- কড়া নিরাপত্তার মাঝে দিল্লির আদালতে হাজির মণীশ সিসৌদিয়া, দেশ জুড়ে বিক্ষোভ আপের-আনন্দবাজার পত্রিকা
- আদানি গোষ্ঠীকে ঋণ দেওয়ার মাসুল? আরব আমিরশাহীতে শাখা বন্ধ করছে ব্যাংক অফ বরোদা-সংবাদ প্রতিদিন
- আজ নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট হলো-গণশক্তি
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
নিউইয়র্কে গোলাপের ৯ বাড়ি: দুদককে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের-এটি ইত্তেফাকের একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক বাড়ি ক্রয় ও ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এর আগে, রোববার (২৬ ফেব্রুয়ারি) সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমন হাইকোর্টে রিট করেন।
হাইকোর্টে সাবেক ওসি প্রদীপের স্ত্রীর জামিন নামঞ্জুর-যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের দণ্ডিত স্ত্রী চুমকি কারণকে জামিন দেননি হাইকোর্ট। গত বছরের ২৭ জুলাই এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারনকে ২১ বছর কারাদণ্ড চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ। ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ হত্যা মামলায় গত বছরের ৩১ জানুয়ারি প্রদীপসহ দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
রাজনীতির খবরে দৈনিক যুগান্তর লিখেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে; তিনি অত্যন্ত অসুস্থ।তাকে নিয়ে বিভিন্নভাবে নাটক শুরু করেছে সরকার। সরকারের মন্ত্রীর একদল বলে যে, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না। আরেক দল বলে— তার রাজনীতি করতে বাধা নেই। তাদের উদ্দেশ্য খারাপ।নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। তা না হলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন? সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে আওয়ামী লীগ। রাজনীতির অপর এক খবরে যুগান্তর লিখেছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায়। রাজনীতি প্রথম আলোর খবর-জাতীয় পার্টির সরকারবিরোধিতা মুখে মুখে।
কাছে গিয়ে ‘সালাম’ দিয়ে সব ছিনিয়ে নেন তাঁরা-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৩২ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। র্যাবের ভাষ্য, এই ব্যক্তিরা সন্ধ্যার পর ছিনতাইয়ে নামতেন। তাঁরা ছিনতাইয়ের জন্য নিশানা করা ব্যক্তিকে প্রথমে সালাম দিতেন। পরে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সটকে পড়তেন। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩২ জনকে গ্রেপ্তার করে র্যাব-৩।
ইবিতে ছাত্রী নির্যাতন: সত্যতা পেল তদন্ত কমিটি-মানবজমিন
বিস্তারিত খবরে লেখা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন ছাত্রীকে বিবস্ত্র করে রাতভর ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। তদন্তে নির্যাতনের সত্যতা মিলেছে বলে জানিয়েছে একটি সূত্র। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এ প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। সূত্র জানিয়েছে, ছাত্রীকে নির্যাতন ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া গেছে। নির্যাতনকারী শনাক্ত করা হয়েছে। তবে তাঁদের কী ধরনের শাস্তির সুপারিশ করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি ।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রে জানায়, মোট ১১ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। এ ছাড়া শতাধিক পৃষ্ঠার সংযুক্তি জমা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের তাবাচ্ছুমসহ ৭/৮ জনের বিরুদ্ধে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ কর্তৃক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
সিসোদিয়ার গ্রেপ্তারিতে দেশজুড়ে প্রতিবাদ আপের-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) গ্রেপ্তারির প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে আম আদমি পার্টি (AAP)। সিসোদিয়ার গ্রেপ্তারিতে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তারা। দলের তরফে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির (BJP) সদর দপ্তর ঘেরাও করার ডাক দেওয়া হয়। এদিকে সোমবার দুপুরেই আদালতে পেশ করা হবে সিসোদিয়াকে। রবিবার তাঁকে ৮ ঘণ্টা জেরার করার পর গ্রেপ্তার করে সিবিআই (CBI)। অন্যদিকে সিসোদিয়ার গ্রেপ্তারিতে টুইট করে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien)। আনন্দবাজার পত্রিকা লিখেছে, কড়া নিরাপত্তার মাঝে আবগারি দুর্নীতিকাণ্ডে ধৃত মণীশ সিসৌদিয়াকে আদালতে হাজির করাল সিবিআই।
অবৈধদের চাকরি বাতিলে সমস্যায় পড়বে মাধ্যমিক পরীক্ষার্থীরা!-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলছে। এখনই চাকরি বাতিল হলে অসুবিধায় পড়বে পরীক্ষার্থীরা। সোমবার এমনই মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়োগ দুর্নীতির একটি মামলায় তিনি বলেন, “নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ৯৫২ জন শিক্ষকের ভাগ্য ঝুলছে। তাঁদের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চতর বেঞ্চে মামলাগুলি বিচারাধীন রয়েছে। সেখানের রায়ের জন্য অপেক্ষা করছি। এই সময় মাধ্যমিক পরীক্ষা চলছে, শিক্ষকদের চাকরি বাতিল হলে সমস্যা তৈরি হবে। রায় আসতে আসতে পরীক্ষাও শেষ হবে। তবে রায়ের উপরই আদালত পরবর্তী পদক্ষেপ করবে।”
নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ । মোট ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৮৩ জন প্রার্থীর মধ্য থেকে নিজেদের বিধায়ক নির্বাচন করবেন ১৩ লক্ষের কিছু বেশি ভোটার। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার নির্বাচনও শেষ হয়েছে। ৩৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টির সাথে ভারতীয় জনতা পার্টির কঠিন টক্কর চলেছে গোটা নির্বাচন জুড়ে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭