পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা
১ মার্চ প্রকাশিত বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরাখবর
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১ মার্চ (বুধবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।
ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- ইবির পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, প্রভোস্টকে সরানোর নির্দেশ: ইত্তেফাক
- এবার রাবির হলে ছাত্রীকে নির্যাতন, মেডিকেলে ভর্তি: মানবজমিন
- কয়লার বাড়তি দাম না দিতে অনড় বাংলাদেশ: ঢাকায় এসে আদানি জানাল চুক্তি পরিবর্তন হবে না: দৈনিক বাংলা
- জানুয়ারি পর্যন্ত রাজস্ব ঘাটতি ১৭ হাজার ২৬৬ কোটি টাকা: বণিকবার্তা
- চালু হলো এনআইডি দিয়ে টিকেট কাটা: ভোরের কাগজ
- নিষেধাজ্ঞা তুলে নিল কাতার, আবার রপ্তানি হবে দেশি মাছ: প্রথম আলো
কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম
- ৮০৫ শিক্ষকের চাকরি বাতিল আটকাল না ডিভিশন বেঞ্চ, নবম-দশম মামলায় একক বেঞ্চের রায়ই বহাল: আনন্দবাজার
- চিটফান্ড মামলায় কলকাতা-হাওড়ায় হানা ইডির, তল্লাশি ব্যবসায়ী ও আইনজীবীর বাড়িতে: সংবাদ প্রতিদিন
- আরএসএসের অস্ত্র মিছিলের দাবি মেনে নিল তেলেঙ্গানা হাইকোর্ট: পূবের কলম
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
ইবির পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, প্রভোস্টকে সরানোর নির্দেশ: ইত্তেফাক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ফুলপরী খাতুনকে পাশবিক ও অমানবিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীসহ পাঁচ ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসাথে সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ (বুধবার) বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামছুল আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা পাওয়া মাত্রই অন্তরা ও তাবাসসুম ওইদিন সন্ধ্যায় হল ত্যাগ করেন। পরে হলের পক্ষ থেকে আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত জানালে গতকাল দিনের বিভিন্ন সময়ে বাকিরা সবাই হল ছেড়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলপরীকে নির্যাতনে অভিযুক্ত ৫ ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ দেওয়ার বিষয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরী খাতুন বলেন, 'এটা আমাদের অর্জন। আমার সঙ্গে যা হয়েছে, তা সবই আমি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের (অভিযুক্তদের) কর্মফল।'
এবার রাবির হলে ছাত্রীকে নির্যাতন, মেডিকেলে ভর্তি: মানবজমিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে পানি গরম করাকে কেন্দ্র করে এক ছাত্রীকে ৭দিন যাবত বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে ওই হলের দোলন নামের এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে গেলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন সুমাইয়া সুলতানা। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষার্থীর নাম নুরুন্নাহার দোলন। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি ওই হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্মৃতির ইন্ধনে এমন কাজ করেছেন বলে জানা গেছে।
কয়লার বাড়তি দাম না দিতে অনড় বাংলাদেশ: ঢাকায় এসে আদানি জানাল চুক্তি পরিবর্তন হবে না: দৈনিক বাংলা
বাংলাদেশের সঙ্গে করা আদানির চুক্তির পরিবর্তন করবে না ভারতের এই শিল্পগ্রুপটি। চুক্তিতে যেসব শর্ত রয়েছে, সেই শর্তেই বাংলাদেশকে ঝাড়খন্ডের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে হবে। তবে বাংলাদেশ বাড়তি দামে কয়লা কিনবে না, আদানিকে কয়লার দাম কমানোর একটি পদ্ধতি বের করতে হবে।
কয়লার দাম নিয়ে জটিলতা নিরসনে আদানি পাওয়ারের চার সদস্যের এক প্রতিনিধি দল গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। তাদের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা ও বিদ্যুৎ সচিবের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত জানুয়ারিতে আদানি প্রতি টন কয়লার দাম ৪০০ ডলারে আমদানি করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে চাহিদাপত্র পাঠালে শুরু হয় জটিলতা। দেশে চালু থাকা তিনটি কয়লাভিত্তিক কেন্দ্র গড়ে ১৫০ থেকে আড়াই ডলারে কয়লা কিনছে।
গত ২৩ ফেব্রুয়ারি ঢাকায় বিদ্যুৎ ভবনে পিডিবির কর্মকর্তাদের সঙ্গে আদানির চার কর্মকর্তা আলোচনায় বসেন। পিডিবির পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান ও আদানির পক্ষে নেতৃত্ব দেন আদানি পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানি। বিকেলে বৈঠক করেন বিদ্যুৎ সচিবের সঙ্গে। তারপর ওইদিন সন্ধ্যার ফ্লাইটে তারা ভারতে ফিরে যান।
জানুয়ারি পর্যন্ত রাজস্ব ঘাটতি ১৭ হাজার ২৬৬ কোটি টাকা: বণিকবার্তা
আমদানি-রফতানিতে ধীরগতি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বছরের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয় কমেছে উল্লেখযোগ্য হারে। সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে শুল্ক আহরণে, জানুয়ারি পর্যন্ত যা ১১ হাজার ৯৭৫ কোটি টাকা। এছাড়া রাজস্ব আয়ে মোট ঘাটতি ১৭ হাজার ২৬৬ কোটি টাকা। এনবিআরের রাজস্ব আয়ের বিবরণী (সাময়িক) সূত্রে এ তথ্য জানা যায়।
অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক মন্দার পূর্বাভাসের কারণে দেশের অভ্যন্তরে অর্থনীতি কিছুটা শ্লথগতিতে আছে। এসব কারণে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আয় হচ্ছে না। এনবিআর কর্মকর্তারা যদিও আশা করছেন, বছরের দ্বিতীয়ার্ধে ব্যবসা-বাণিজ্য আবারো গতি পাবে। তখন রাজস্ব আয়ও বাড়বে।
চালু হলো এনআইডি দিয়ে টিকেট কাটা: ভোরের কাগজ
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য রেলওয়ে একাধিক কার্যক্রম হাতে নিয়েছে। এতদিন টিকেট পাওয়ার ক্ষেত্রে যে অভিযোগ ছিল তা থেকে বের হওয়ার জন্য “টিকেট যার ভ্রমণ তার” কার্যক্রম আমরা শুরু করেছি যা আজ থেকে কার্যকর হচ্ছে।
বুধবার (১ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে “টিকেট যার ভ্রমণ তার ” শীর্ষক স্লোগান কে সামনে রেখে ও স্মার্ট রেলওয়ে গঠনের অংশ হিসেবে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকেটিং ব্যবস্থার চালু করা ও টিকেট চেকিং ব্যবস্থায় পস মেশিন হস্তান্তর উপলক্ষে এসব কথা বলেন তিনি।
নিষেধাজ্ঞা তুলে নিল কাতার, আবার রপ্তানি হবে দেশি মাছ: প্রথম আলো
বাংলাদেশ থেকে হিমায়িত মাছ আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে পাঁচ মাস পর মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আবার মাছ রপ্তানির বন্ধ দুয়ার খুলছে। বিশ্বকাপ ফুটবলের আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিয়ানমারসহ কয়েকটি দেশের মাছ আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল কাতার সরকার।
ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
৮০৫ শিক্ষকের চাকরি বাতিল আটকাল না ডিভিশন বেঞ্চ, নবম-দশম মামলায় একক বেঞ্চের রায়ই বহাল: আনন্দবাজার
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ৮০৫ জনের চাকরি বাতিল নিয়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ।
সিবিআই ৯৫২ জন শিক্ষকের উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করে। ওই ৯৫২ জন শিক্ষক মামলায় যুক্ত হতে চেয়েছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আর্জি খারিজ করে দেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ যান ৯৫২ জন। ডিভিশন বেঞ্চের রায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে ৮০৫ জনের মধ্যে ৬১৮ জনের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। ওই নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
চিটফান্ড মামলায় কলকাতা-হাওড়ায় হানা ইডির, তল্লাশি ব্যবসায়ী ও আইনজীবীর বাড়িতে: সংবাদ প্রতিদিন
সাতসকালে চিটফান্ড মামলায় শহর জুড়ে তল্লাশি ইডির (ED)। বুধবার সকালে ইডি আধিকারিকরা তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে ৩ টি জায়গায়। তার মধ্যে রয়েছে এক আইনজীবী ও এক ব্যবসায়ীর বাড়ি।
সূত্রের খবর, বুধবার সকাল ৭ টা নাগাদ দুটি চিটফান্ড কাণ্ডের তল্লাশিতে নামেন ইডি আধিকারিকরা। একটি দল যায় কেয়াতলা রোডে। সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। একটি দল গিয়েছে হাওড়ার জগাছা এলাকায় ও আরেকটি দল আলিপুরের বর্ধমান রোডের একটি আইনজীবীর বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীতে বাড়ি ঘিরে ফেলে দীর্ঘক্ষণ ধরে সেখানে চলছে তল্লাশি। যদিও এই তল্লাশি প্রসঙ্গে এখনও কোনও তথ্য দেয়নি ইডি।
আরএসএসের অস্ত্র মিছিলের দাবি মেনে নিল তেলেঙ্গানা হাইকোর্ট: পূবের কলম
তেলেঙ্গানা হাইকোর্ট মঙ্গলবার আরএসএসের অস্ত্রমিছিলের দাবি মেনে নিয়েছে। মার্চের ৫ তারিখে ভাইনসা, নির্মল জেলায় এই পদযাত্রা ও অস্ত্র মিছিলের অনুমতি দেওয়া হয়েছে এদিন। ৫০০ জনের বেশি সংঘ সদস্য যেন এই মিছিলে অংশ না নেয়, তার নির্দেশ দিয়েছে আদালত।
পাশাপাশি, ধর্মীয় স্থান থেকে ৩০০ মিটার দূরে এই মিছিল করার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। তবে আরএসএস আদতে এই নির্দেশ মেনে অস্ত্র মিছিল করবে কি না তা নিয়ে সন্দেহ আছে। তারা ১৯ ফেব্রুয়ারি পবিত্র শবে মিরাজের দিন এই ‘পদসঞ্চালন’ ও ‘শারীরিক প্রদর্শন’ করতে চেয়েছিল। কিন্তু সাম্প্রদায়িক উত্তরজনা ছড়াতে পারে বলে আদালত ওইদিন এর অনুমতি দেয়নি। শবে মিরাজ উপলক্ষ করেই আরএসএস ভাইনসাতে উসকানিমূলক পদযাত্রার আয়োজন করতে চাইছিল বলে মনে করা হয়েছিল। তেলেঙ্গানা হাইকোর্ট এই দাবি পত্রপাঠ খারিজ করে দেয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।