হরমুজের ভবিষ্যৎ প্রশাসন নিয়ে যৌথ কমিটি গঠনে সম্মত ইরান ও ওমান
https://parstoday.ir/bn/news/event-i160662-হরমুজের_ভবিষ্যৎ_প্রশাসন_নিয়ে_যৌথ_কমিটি_গঠনে_সম্মত_ইরান_ও_ওমান
পার্সটুডে:ইরান ও ওমান হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন, নৌ-পরিবহন ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট সেবা এবং এ-সংক্রান্ত ফি নির্ধারণের বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে।
(last modified 2026-06-23T15:12:52+00:00 )
জুন ২৩, ২০২৬ ২১:০০ Asia/Dhaka
  • সংসদ স্পিকার কলিবফের (বাম থেকে ৩য়) নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধিদল ২৩ জুন, ২০২৬ তারিখে ওমানের মাস্কাটে সুলতান হাইসাম বিন তারিকের সাথে সাক্ষাৎ করে
    সংসদ স্পিকার কলিবফের (বাম থেকে ৩য়) নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধিদল ২৩ জুন, ২০২৬ তারিখে ওমানের মাস্কাটে সুলতান হাইসাম বিন তারিকের সাথে সাক্ষাৎ করে

পার্সটুডে:ইরান ও ওমান হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন, নৌ-পরিবহন ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট সেবা এবং এ-সংক্রান্ত ফি নির্ধারণের বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে।

মঙ্গলবার ওমানের রাজধানী মাসকাট সফরকালে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি'র উপস্থিতিতে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নতুন এই যৌথ কমিটির মাধ্যমে হরমুজ প্রণালি সংক্রান্ত পরামর্শ ও আলোচনা অব্যাহত থাকবে।

এই সমঝোতা ইরানি প্রতিনিধিদলের সঙ্গে ওমানের সুলতান হাইসাম বিন তারিক আস সাইদ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদরুদ্দিন বিন হামাদ আল-বুসাইদির (Badr bin Hamad Al-Busaidi) বৈঠকে অর্জিত হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কমিটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ভবিষ্যৎ ব্যবস্থাপনা, সামুদ্রিক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য সেবাসমূহ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এসব সেবার জন্য ধার্যযোগ্য ফি নিয়ে পর্যালোচনা করবে।

দুই দেশ আরও সম্মত হয়েছে যে, এই কৌশলগত জলপথ-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা অঞ্চলের অন্যান্য উপকূলীয় রাষ্ট্র এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গেও আলোচনা করবে।

বিবৃতিতে বলা হয়:

“হরমুজ প্রণা প্রণালির দুই উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান ও ওমান আন্তর্জাতিক আইনের আলোকে এই জলপথে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।”

এতে আরও বলা হয়: “হরমুজ প্রণালি-সংক্রান্ত সব ব্যবস্থায় অবশ্যই দুই উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সার্বভৌম অধিকারকে পরিপূর্ণ সম্মান করতে হবে।”

ওমান একই সঙ্গে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক (MoU)-এর প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং এর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ধারাবাহিক সংলাপ ও সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

দুই পক্ষ আরও উল্লেখ করেছে যে, সামুদ্রিক নিরাপত্তা, নৌ-চলাচলের স্বাধীনতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। #
 

পার্স টুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।