সেতু ও আবাসিকে হামলা; ৮ শহীদের দু'জন ছিলেন প্রতিবন্ধী সহোদর
যুদ্ধাপরাধ ও নিরীহ মানুষকে হত্যা করেই শক্তি প্রদর্শনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্স টুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ সংঘটিত করে এবং নিরীহ মানুষকে হত্যা করার মাধ্যমে নিজের তথাকথিত শক্তি প্রদর্শনের চেষ্টা করছে।
ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আট শহীদের ছবি প্রকাশ করে ইসমাইল বাকায়ি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় লিখেছেন:
“যুক্তরাষ্ট্র বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে এবং নিরপরাধ মানুষকে হত্যা করে নিজেদের তথাকথিত ‘শক্তি’ প্রদর্শন করতে চায়। শুক্রবার রাতে মার্কিন সন্ত্রাসী বাহিনী আবারও যুদ্ধাপরাধ চালিয়েছে। হরমোজগান প্রদেশে কয়েকটি সেতু ও আবাসিক এলাকায় হামলা চালিয়ে তারা ৮ জন ইরানিকে শহীদ করেছে। নিহতদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন, যার মধ্যে দুইজন ছিলেন প্রতিবন্ধী সহোদর।”
তিনি আরও বলেছেন,
“ইরানের জনগণ আজ আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ। তারা আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে অপরাধমূলক সামরিক আগ্রাসনের জন্য এই বর্বর শত্রুদের কঠোরভাবে অনুতপ্ত করতে বদ্ধপরিকর।”
এদিকে, ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি গতকাল শুক্রবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে পৌঁছে সাংবাদিকদের বলেছেন,
“দক্ষিণ ইরানের জনগণ যেন জানেন, তারাই ইরানের প্রাণ। আর সমগ্র ইরানের জনগণ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ বছরের ত্যাগ, কষ্ট ও আত্মত্যাগ বা কুরবানির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।” #
পার্স টুডে/এমএএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।