মার্কিন-ইসরাইলি হুমকি সত্ত্বও পরমাণু কেন্দ্রে শর্তহীন পরিদর্শনের আহ্বান অর্থহীন: ইরান
https://parstoday.ir/bn/news/event-i162890-মার্কিন_ইসরাইলি_হুমকি_সত্ত্বও_পরমাণু_কেন্দ্রে_শর্তহীন_পরিদর্শনের_আহ্বান_অর্থহীন_ইরান
পার্সটুডে: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (IAEA) ইরানের স্থায়ী মিশন বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে আইএইএ নিরাপত্তা ব্যবস্থার শর্তহীন বাস্তবায়নের আহ্বানকে “অর্থহীন” বলে প্রত্যাখ্যান করেছে।
(last modified 2026-09-08T09:57:52+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৬ ১১:৫১ Asia/Dhaka
  • ভিয়েনায় আইএইএ বা   আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভবনের সামনে ইরানি পতাকা (ফাইল ছবি)
    ভিয়েনায় আইএইএ বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভবনের সামনে ইরানি পতাকা (ফাইল ছবি)

পার্সটুডে: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (IAEA) ইরানের স্থায়ী মিশন বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে আইএইএ নিরাপত্তা ব্যবস্থার শর্তহীন বাস্তবায়নের আহ্বানকে “অর্থহীন” বলে প্রত্যাখ্যান করেছে।

ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাটিকে প্রথমে ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধের দাবি জানানোর আহ্বান জানিয়েছে।

সোমবার আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির পরিচালনা পর্ষদে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আইএইএ নিরাপত্তা বিধি পুরোপুরি মেনে চলার দাবি বর্তমান মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাস্তবতাকে উপেক্ষা করছে।

ইরানি মিশন উল্লেখ করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের চালানো অবৈধ সামরিক হামলার পর আইএইএ নিজেই প্রথমে “নিরাপত্তাজনিত কারণে” সুরক্ষা কার্যক্রম স্থগিত করে এবং তাদের পরিদর্শকদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।

তেহরান আইএইএর প্রতি এমন প্রতিবেদন প্রকাশ বন্ধ করার আহ্বান জানায়, যেগুলোকে ইরান “অপেশাদার, অ-বস্তুনিষ্ঠ, আধা-প্রযুক্তিগত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে গ্রোসিকে প্রথমে আগ্রাসনকারীদের—অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে—ইরানের শান্তিপূর্ণ ও আইএইএ নিরাপত্তা ব্যবস্থার আওতাভুক্ত পরমাণু অবকাঠামোর বিরুদ্ধে সব ধরনের হামলা ও হুমকি বন্ধ করতে বাধ্য করতে হবে।

ইরানের মিশন ঘোষণা করে, “যতদিন আইএইএ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ থাকবে, ততদিন ইরান স্বাধীনভাবে তার জাতীয় স্বার্থ রক্ষার অধিকার সংরক্ষণ করে।” #
 

পার্সটুডে/এমএআর/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।