অগ্নিপথ প্রকল্পে সেনা নিয়োগের প্রতিবাদে অগ্নিগর্ভ বিহার, ৭ রাজ্যে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i109338-অগ্নিপথ_প্রকল্পে_সেনা_নিয়োগের_প্রতিবাদে_অগ্নিগর্ভ_বিহার_৭_রাজ্যে_বিক্ষোভ
ভারতে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে জেডিইউ-বিজেপিশাসিত বিহার রাজ্য উত্তাল হয়ে উঠেছে। ওই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রবল বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৬, ২০২২ ১৫:০৯ Asia/Dhaka
  • অগ্নিপথ প্রকল্পে সেনা নিয়োগের প্রতিবাদে অগ্নিগর্ভ বিহার, ৭ রাজ্যে বিক্ষোভ

ভারতে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে জেডিইউ-বিজেপিশাসিত বিহার রাজ্য উত্তাল হয়ে উঠেছে। ওই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রবল বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিহার থেকে শুরু হওয়া ওই আন্দোলনের ঢেউ উত্তর প্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশসহ সাতটি রাজ্যে পৌঁছেছে। গত (মঙ্গলবার) অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ  সিং।

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে আজ (বৃহস্পতিবার) বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জাহানাবাদের মতো এলাকায় প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ সময়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা স্লোগান দিয়েছে। রেলের পাশাপাশি অবরোধ করা হয়েছে জাতীয় সড়ক। টায়ার জ্বালানো, পাথর নিক্ষেপ, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। রেললাইনের উপরে জ্বালানো হয়েছে আগুন। এমনকী, ছপরায় ট্রেনেও আগুন ধরানো হয়েছে। পুলিশ বাধা দিতে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। লাঠি ও কাঁদানে গ্যাসে কয়েকজন বিক্ষোভকারীর আহত হওয়ার ঘটনাও ঘটেছে আরা এবং জাহানাবাদে। ওই ইস্যুতে গতকাল (বুধবার) বিহারের গয়া, পটনা, মুজফফ্‌রপুর-সহ নানা জায়গায় চাকুরিপ্রার্থী যুবকরা রেললাইন অবরোধ করেন।     

হরিয়ানার রোহতকে ওই প্রকল্পের প্রতিবাদে এক ছাত্র আত্মহত্যা করেছে। এখানে, পালওয়ালে উত্তেজিত যুবকরা পুলিশের তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।   

উত্তর প্রদেশের উন্নাওয়ের শুক্লাগঞ্জে মারহালা চৌরাস্তায় বিক্ষোভ করেছে যুবকরা। এ সময়ে যুবকরা তাদের হাতে প্ল্যাকার্ড এবং পোস্টার নিয়ে প্রতিরক্ষামন্ত্রী এবং মোদী-যোগী মুর্দাবাদ স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ এসে যুবকদের থামানোর চেষ্টা চালায়। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বুলন্দশহরে ব্যাপক হট্টগোল হয়েছে। শিক্ষার্থীরা  সড়কে অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় পুলিশের সঙ্গে তার সংঘর্ষও হয়। শিক্ষার্থীরা বলেন- ভারত সরকারের সিদ্ধান্তে আমরা লজ্জিত। আলীগড়ের অনেক জায়গায় যুবকদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। গাবনা জাতীয় সড়কে যুবকরা বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। রামঘাট রোডে যুবকরা রাস্তা অবরোধ করে স্লোগান দেয়। 

হরিয়ানার গুরুগ্রামে অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দিল্লি-জয়পুর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রাজপথে ধর্না-অবস্থানে থাকা শিক্ষার্থীরা বলেন,  আগে তিন বছর সেনাবাহিনীতে কোনো নিয়োগ হয়নি। এখন মাত্র চার বছরের চাকরির প্রকল্প চালু হয়েছে। এটা আমাদের সাথে প্রতারণা।  

উত্তরাখণ্ডে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের তীব্র বিরোধিতা করে শতশত যুবক  খাটিমায় মিছিল করেছে। খাটিমা প্রধান চকে সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেয় বিক্ষোভকারী যুবকরা।

গণমাধ্যমে প্রকাশ, ওই প্রকল্পে সাড়ে ১৭/২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০/৪৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং  বিমান) যোগ দিতে পারবেন। এদের বলা হবে ‘অগ্নিবীর’। সেনাবাহিনীতে শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ ‘ অগ্নিবীর’কে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের ১১/১২ লাখ টাকা হাতে দিয়ে পাঠানো হবে অবসরে। থাকবে না কোনও পেনশন।     

অভিযোগ, দেশের যুবকদের চাকরির বড় ভরসা হল ভারতীয় সেনা। চাকরিতে  স্থায়িত্বের কারণে গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের তরুণরা সেনার চাকরিকে বেছে নেন। কিন্তু অগ্নিপথ প্রকল্পে নিয়োজিত চুক্তিভিত্তিক ‘অগ্নিবীর’দের ৭৫ শতাং‌শকেই চাকরি পাওয়ার চার বছরের মধ্যে অবসর নিতে হবে। এককালীন কিছু টাকা পাওয়া গেলেও  থাকবে না পেনশনের ব্যবস্থা। সে ক্ষেত্রে তাদের আবার নতুন করে চাকরির সন্ধান করতে হবে, ফলে অনিশ্চিত হয়ে পড়বে ভবিষ্যৎ।

ওই ইস্যুতে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃনমূলসহ বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী নেতারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের তীব্র বিরোধিতা করেছেন। #

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।