পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ‘ইডি’র অভিযান নিয়ে ক্ষুব্ধ মমতা
https://parstoday.ir/bn/news/india-i129902-পশ্চিমবঙ্গের_মন্ত্রী_জ্যোতিপ্রিয়_মল্লিকের_বাড়িতে_ইডি’র_অভিযান_নিয়ে_ক্ষুব্ধ_মমতা
পশ্চিমবঙ্গের সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (বালু) একাধিক বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র তল্লাশি অভিযান চালানোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি তিনি প্রয়োজনে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০২৩ ১৫:৫৫ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ‘ইডি’র অভিযান নিয়ে ক্ষুব্ধ মমতা

পশ্চিমবঙ্গের সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (বালু) একাধিক বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র তল্লাশি অভিযান চালানোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি তিনি প্রয়োজনে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি আজ (বৃহস্পতিবার) কালীঘাটে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু) প্রসঙ্গে বলেন, ‘বালুর সুগার আছে, শরীর খুপ খারাপ। যদি ও মারা যায় তাহলে আমাদের বিজেপির বিরুদ্ধে এফআইআর করতে হবে, ইডির বিরুদ্ধে এফআইআর করতে হবে।’     

রাজ্যে রেশন বণ্টন দুর্নীতির তদন্তে আজ (বৃহস্পতিবার) ভোর থেকে সল্টলেক এবং অন্যত্র রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। প্রসঙ্গত, গত ৫ অক্টোবর পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। একইভাবে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গত ৮ অক্টোবর রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ কর্মকর্তারা। এভাবে আজ ২৬ অক্টোবর সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (বালু) একাধিক বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।       

এ প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ সকালে মানুষজন বালুর বাড়িতে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে গিয়ে দেখেন বালুর ঘরে ইডি রেইড করছে!  সব মন্ত্রীদের বাড়িতে গিয়েই যদি রেইড করে, তাহলে সরকারের আর কী বাকি থাকল? বিজেপি মনে করছে এভাবে সবার মুখ বন্ধ করা যাবে, এটা একটা নোংরা খেলা।’    

ক্ষুব্ধ মমতা বিজেপিকে টার্গেট করে আজ বলেন, আমার প্রশ্ন হল- একটাও কী বিজেপি নেতাদের বাড়িতে রেইড হয়েছে? একটাও কী বিজেপির ডাকাতদের বাড়িতে রেইড হয়েছে? একটাও কী বিজেপি মন্ত্রীদের বাড়িতে রেইড হয়েছে? একটাও কী বিজেপির চোরেদের বাড়িতে রেইড হয়েছে?’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে তাকে কটাক্ষ করে বলেন, ‘এদের কোনো কোনো নেতা বিদেশে গেলে দেখায় তারা নাকি সবাইকে ভালোবাসে! ‘সবকা সাথ, সবকা বিকাশ’ (সকলের সাথে সবার উন্নয়ন)। কিন্তু সারা দেশে সকলের সঙ্গে সবার সত্যনাশ হচ্ছে!’

মমতা বলেন, লোকসভার নির্বাচনের আর ৪/৫ মাস বাকি আছে, ঘোষণা হবে। বর্তমানে ৫টা রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলছে। নির্বাচনের মধ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতেও রেইড হয়েছে বলে শুনেছি। আমাদের এখানে প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেইড হচ্ছে।’ তিনি আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশের  নাম ইন্ডিয়ার পরিবর্তে ভারত করার প্রচেষ্টার সমালোচনা করেন। কেন্দ্রীয় সরকার যখন তখন আইন বদলে দিচ্ছে, আরও তিনটি সাঙ্ঘাতিক আইন নিয়ে আসছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।