বাংলা থেকে জিতে দিল্লি দখল করার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
-
মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতে আসন্ন সাধারণ নির্বাচনে পশ্চিমবাংলা থেকে জিতে দিল্লি দখলের জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আজ (বৃহস্পতিবার) নদিয়া জেলার শান্তিপুরে এক সমাবেশে দেওয়া বক্তব্যে এভাবে দিল্লিতে কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসার কথা বলেছেন। মমতা আজ বিজেপির পাশাপাশি রাজ্যের সিপিএমের সমালোচনা করেন। বিজেপি বিরোধী যে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (I.N.D.I.A) তৈরি হয়েছে, তাতে কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস, সিপিএম ও অন্যরা রয়েছে। কিন্তু তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাফ জানিয়ে দিয়েছেন তিনি সিপিএমের সঙ্গে নেই। কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হয়েছে মন্তব্য করে মমতা বলেন, সিপিএম অতীতে অনেক অত্যাচার করেছে সেজন্য তিনি তাদের সঙ্গে ঘর করতে রাজি নন।
মুখ্যমন্ত্রী মমতা রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের ‘মা-মাটই-মানুষ’ সরকারের পক্ষে সাফাই দিয়ে বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। বাংলায় মনে রাখবেন, ‘মা-মাটই-মানুষ’ একাই একশো। আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি আমরা বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন কৌশলে করব, কী করে করব নির্বাচনের পরে আঞ্চলিক বিভিন্ন দলকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে ঠিক করব।’
এরপরেই তিনি রাজ্যে সাবেক সিপিএম সরকারের আমলে বিভিন্ন অত্যাচারের কথা উল্লেখ করে বলেন, তিনি তাদের সঙ্গে কখনও ঘর করতে রাজি নন। তার দাবি- তারা জোট চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস জোট করেনি। সিপিএম-কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য।
অন্যদিকে, বহুলালোচিত জাতীয় নাগরিক পঞ্জি (‘এনআরসি’) এবং সংশোধিত নাগরিকত্ব আইন (ক্যা) প্রসঙ্গে মমতা বলেন, ‘এনআরসি’ তিনি করতে দেবেন না। নির্বাচনের আগে বিজেপির ‘এনআরসি’ করার পরিকল্পনা আছে। এবং ‘ক্যা’র নামে বিজেপি মিথ্যে কথা বলছে- মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।