ভারত ও আমেরিকা উন্নত ভবিষ্যতের লক্ষ্যে কাজ করবে: ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/india-i77719-ভারত_ও_আমেরিকা_উন্নত_ভবিষ্যতের_লক্ষ্যে_কাজ_করবে_ডোনাল্ড_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও আমেরিকা উন্নততর ভবিষ্যতের লক্ষ্যে কাজ করবে। তিনি আজ (সোমবার) সপরিবারে দু’দিনের জন্য ভারত সফরে এসে ওই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট আজ গুজরাটের মোতেরা স্টেডিয়ামে বক্তব্য রাখার সময় দু’দেশের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রশংসা করেন।
(last modified 2026-06-16T05:39:17+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১৬:৩০ Asia/Dhaka
  • ভারত ও আমেরিকা উন্নত ভবিষ্যতের লক্ষ্যে কাজ করবে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও আমেরিকা উন্নততর ভবিষ্যতের লক্ষ্যে কাজ করবে। তিনি আজ (সোমবার) সপরিবারে দু’দিনের জন্য ভারত সফরে এসে ওই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট আজ গুজরাটের মোতেরা স্টেডিয়ামে বক্তব্য রাখার সময় দু’দেশের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রশংসা করেন।

ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধাস্ত্র নির্মাতা, এখন ব্যবসা করছি ভারতের সঙ্গে। প্রত্যেক দেশেরই নিজের নিজের সীমান্ত রক্ষার অধিকার আছে। আগামীকাল ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি হবে, ভারতকে সাঁজোয়া কপ্টার দেবে আমেরিকা।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দুই দেশ মিলে আমরা এই এলাকার শান্তি ও সংহতি রক্ষা করব। আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে সব সময় সাহায্য করব।প্রতিদিন, প্রতিমুহূর্তে কাজ করে চলেছেন মোদি।বন্ধু নরেন্দ্র মোদির জন্য আমি গর্বিত।পরিশ্রমের মধ্যদিয়ে যে সব কিছু করা যায়, তা করে দেখিয়েছেন মোদি।’

তিনি বলেন, ‘আমরা সবসময় এই উল্লেখযোগ্য আতিথেয়তা মনে রাখব। প্রধানমন্ত্রী মোদি একজন ‘চাওয়ালা’ হিসেবে শুরু করেছিলেন, তিনি চা বিক্রেতা হিসাবে কাজ করেছিলেন। সবাই তাকে ভালবাসে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আপনি কেবল গুজরাটের গর্ব নন, আপনি প্রমাণ করেছেন যে, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে ভারতীয়রা যেকোনো কিছু অর্জন করতে পারে।’ ট্রাম্প বলেন, ‘আপনাদের দেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান একসঙ্গে থাকে। এদেশের ঐক্য ও সংহতি সারা বিশ্বের কাছে উদাহরণ।’

‘সন্ত্রাসবাদের আদর্শকে আমাদের শেষ করতে হবে। আমরা পাকিস্তানের সাথে ইতিবাচকভাবে কাজ করেছি যাতে সেখান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা যায়। আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে’বলেও মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন।#

পার্সটুডে /এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।