ইরানের সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে, প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i161982-ইরানের_সেনাবাহিনী_সর্বোচ্চ_প্রস্তুতিতে_প্রতিরক্ষা_সক্ষমতা_আরও_জোরদারের_ঘোষণা
পার্সটুডে: ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির মোহাম্মদ আকরামি-নিয়া বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন, নতুন সামরিক সরঞ্জাম সংযোজন এবং দেশীয় সক্ষমতার ওপর নির্ভর করে বাহিনীর অপারেশনাল প্রস্তুতি ধারাবাহিকভাবে আরও শক্তিশালী করা হচ্ছে।
(last modified 2026-08-06T13:01:36+00:00 )
আগস্ট ০৬, ২০২৬ ১৮:৪৫ Asia/Dhaka
  • ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির মোহাম্মদ আকরামি-নিয়া।
    ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির মোহাম্মদ আকরামি-নিয়া।

পার্সটুডে: ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির মোহাম্মদ আকরামি-নিয়া বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন, নতুন সামরিক সরঞ্জাম সংযোজন এবং দেশীয় সক্ষমতার ওপর নির্ভর করে বাহিনীর অপারেশনাল প্রস্তুতি ধারাবাহিকভাবে আরও শক্তিশালী করা হচ্ছে।

তাসনিম বার্তা সংস্থার বরাতে পার্সটুডে জানায়, আকরামি-নিয়া বলেন, যুদ্ধ প্রস্তুতি শুধু নতুন অস্ত্র সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ, নতুন প্রযুক্তি সংযোজন, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং সেনাসদস্যদের মনোবল ও দক্ষতা উন্নয়নের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিরক্ষা শক্তি বাড়ানো হচ্ছে।

তিনি জানান, সেনাবাহিনী নিজস্ব প্রকৌশল ও কারিগরি সক্ষমতার ওপর ভর করে সামরিক সরঞ্জাম পুনর্নির্মাণ ও আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে। এটি শুধু প্রযুক্তিগত কার্যক্রম নয়, বরং ইরানের প্রতিরক্ষা কৌশলের অংশ, যার লক্ষ্য প্রতিরোধক্ষমতা বজায় রাখা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির একটি অংশ সেনাবাহিনীর অভ্যন্তরে এবং অন্য অংশ প্রতিরক্ষা শিল্প ও অন্যান্য বিশেষায়িত প্রতিষ্ঠানের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে। এতে বিদেশি নির্ভরতা কমছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত আধুনিকায়ন সম্ভব হচ্ছে।

তিনি উল্লেখ করেন, অতীতের বিভিন্ন যুদ্ধে ইরানের সেনাবাহিনী দেশীয় সক্ষমতা ও পরিকল্পনার মাধ্যমে সফলভাবে দায়িত্ব পালন করেছে। বর্তমানেও সাম্প্রতিক দুই সংঘাতের পর সেনাবাহিনী উচ্চমাত্রার প্রস্তুতিতে রয়েছে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় যুদ্ধ সক্ষমতা আরও বাড়াতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

এদিকে, ইরানের বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাইলট বাহমার্দ এক বার্তায় বলেন, দেশের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা অনুসরণ এবং ইরানের জনগণকে শত্রুর আগ্রাসন থেকে রক্ষার অঙ্গীকারে বিমানবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।#
 

পার্সটুডে/এমবিএ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।