ভারতীয় সেনাবাহিনী চিনের প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে: জেনারেল নারাভানে
https://parstoday.ir/bn/news/india-i98114-ভারতীয়_সেনাবাহিনী_চিনের_প্রত্যেকটি_চ্যালেঞ্জ_মোকাবেলায়_প্রস্তুত_রয়েছে_জেনারেল_নারাভানে
ভারতের সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে বলেছেন, চিনা সেনাবাহিনী তার সীমান্তে অনেক নির্মাণ কাজ করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। আজ (শনিবার) বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০২, ২০২১ ১৩:৪৬ Asia/Dhaka
  • ভারতীয় সেনাবাহিনী চিনের প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে: জেনারেল নারাভানে

ভারতের সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে বলেছেন, চিনা সেনাবাহিনী তার সীমান্তে অনেক নির্মাণ কাজ করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। আজ (শনিবার) বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।

জেনারেল এমএম নারাভানে গতকাল (শুক্রবার) দু’দিনের পূর্ব লাদাখ সফরে এসেছিলেন। এখানে তিনি বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। এ সময় সেনাপ্রধান বলেন, চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  এবং সমস্ত পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।  

সেনাপ্রধান বলেন, ‘সীমান্তে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা নিয়মিত পরিস্থিতি খতিয়ে দেখি। চিনের সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সব স্তরে আলোচনা চলছে। এ পর্যন্ত ১২ দফা আলোচনা হয়েছে। ১৩ তম দফার আলোচনা শিগগিরি অনুষ্ঠিত হবে। আমরা আশা করি দ্রুত সমস্ত সমস্যা সমাধান করা হবে।’

পাকিস্তান সম্পর্কে সেনাপ্রধান জেনারেল নারাভানে বলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি খুবই ভালো ছিল। কিন্তু গত দু’মাস থেকে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। পাকিস্তান সেনাবাহিনীর  জ্ঞাতসারে ছাড়া অনুপ্রবেশের চেষ্টা সম্ভব নয়। গত ১০ দিনে দু’বার যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। আমরা প্রত্যেকটি স্তরে কথা বলেছি এবং এটি নিয়ে উদ্বেগ রয়েছে। স

ম্প্রতি চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং অভিযোগ করেছিলেন, নয়াদিল্লির ‘ফরওযার্ড পলিসি’এবং চিনের এলাকায় ‘অবৈধভাবে’ঢুকে পড়ার সিদ্ধান্তই সমস্যার ‘মূল কারণ’।

এ প্রসঙ্গে পাল্টা জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘চিনের অভিযোগের কোনও ভিত্তি নেই। চিন যেসব কাজ করে, তাতেই দ্বিপক্ষীয় চুক্তি বার বার লঙ্ঘিত হয়।’

তিনি বলেন, ‘চিনের উস্কানিমূলক আচরণ, স্থিতবস্থা বিঘ্নিত করতে একতরফা কাজকর্ম পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। সীমান্ত এলাকায় চিন ক্রমাগত বৃহৎ সংখ্যায় সেনা মোতায়েন এবং অস্ত্র মওজুদ  করছে। চিন উস্কানিমূলক কাজ করে ‘এলএসি’ পরিবর্তন করার চেষ্টা করছে, কিন্তু ভারতও জানে কীভাবে তার সীমান্ত রক্ষা করতে হয় এবং আমরা আমাদের প্রতিটি স্বার্থ রক্ষা করতে প্রস্তুত।’

‘আমরা ‘এলএসি’তে যা কিছু মোতায়েন করেছি তা চিনের প্রস্তুতির জবাবে। যদি ওই দিক থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে ভারতের কাছে তার জবাব দেওয়ার অধিকার আছে। আমরা চাই চিন লাদাখে অমীমাংসিত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করুক’ বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

গতবছর মে মাসে লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনা সেনা সদস্যরা সীমান্ত বরাবর সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।  সেই থেকে দু’দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে।  #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।