ইউ প্রধান ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আব্দুল্লাহিয়ানের টেলিফোনালাপ
ভিয়েনা সংলাপ অব্যাহত: বোরেল স্বীকার করলেন বল এখন পাশ্চাত্যের কোটে
ভিয়েনা বৈঠকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে অষ্টম দফা আলোচনা চলার একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপ করেছেন। ভিয়েনায় বৈঠক চলার একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ কূটনৈতিক তৎপরতা থেকে বোঝা যায়, সংলাপকে সফল করার জন্য ইরান দৃঢ় প্রতিজ্ঞ ও আন্তরিক।
ভিয়েনায় চলমান বৈঠকে সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের সাথে ইরানের শীর্ষ আলোচক আলী বাকেরি কানির দফায় দফায় বৈঠক অব্যাহত রয়েছে। এর পাশাপাশি তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গেও সাক্ষাত করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোনালাপে ভিয়েনা বৈঠককে সফল করতে তাদের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, 'ইরানের পক্ষ থেকে যেসব প্রস্তাব উত্থাপন করা হয়েছে তার আইনগত ও বৈধতার দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত'। যাইহোক, ইরানের প্রতিনিধি দল ভালো সমঝোতায় পৌছার জন্য এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দিয়েছে। এ টেলিফোনালাপে জোসেফ বোরেলও স্বীকার করেছেন আলোচনা অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে এসে পৌঁছেছে এবং বল এখন পাশ্চাত্যের কোটে।
এখন পর্যন্ত সংলাপে অংশ নেয়া প্রতিনিধিরা আলোচনার পরিবেশকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। এ অবস্থায় টেকসই সমঝোতায় পৌঁছার জন্য পাশ্চাত্যের পক্ষ থেকেও আন্তরিকতার প্রমাণ দেয়া জরুরি। সমঝোতায় পৌঁছার ক্ষেত্রে ইরান তার লালসীমা মেনে চলছে এবং তারা জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা চায়। এ অবস্থায় সংলাপ সফল হওয়ার বিষয়টি নির্ভর করছে পাশ্চাত্যের দায়িত্বশীল আচরণ ও পদক্ষেপ গ্রহণের ওপর।
পরমাণু সমঝোতায় ইরানের সক্রিয় উপস্থিতি ও যৌক্তিক অবস্থান এবং ভালো সমঝোতায় পৌঁছার জন্য তেহরানের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপনের পর এখন প্রতিপক্ষকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। ইরান শুরুতেই বলে দিয়েছে জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তারা কোনো ছাড় দেবে না। ইরানের জাতীয় উচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গের প্রবণতা ভিয়েনায় যে কোনো সংলাপের জন্য বড় হুমকি। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।