‘আমাদেরকে চূড়ান্ত কয়েকটি পদক্ষেপ নিতে হবে’
ভিয়েনা সংলাপ চুক্তির অনেক কাছাকাছি রয়েছে: ব্রিটিশ আলোচক
-
স্টেফানি আল-কাক
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় অচিরেই একটি চুক্তি সম্ভব বলে জানিয়েছেন ওই সংলাপে অংশগ্রহণকারী ব্রিটিশ প্রতিনিধিদলের প্রধান স্টেফানি আল-কাক। তিনি গতকাল (শুক্রবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে দেশটির ওপর থেকে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ২০২১ সালের গোড়ার দিকে ভিয়েনা সংলাপ শুরু হয়।বর্তমানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের এই সংলাপের অষ্টম দফা আলোচনা চলছে।
এই আলোচনায় ব্রিটিশ প্রতিনিধিদলের প্রধান আল-কাক নিজের টুইটার পেজে ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে লিখেছেন, “আমরা একটি চুক্তির অনেক কাছাকাছি রয়েছি। ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়কারীর মধ্যস্থতায় এ পর্যন্ত সকল পক্ষ গঠনমূলক আলোচনা করেছে। এখন আমাদেরকে চূড়ান্ত কয়েকটি পদক্ষেপ নিতে হবে।”
ব্রিটিশ কূটনীতিক এমন সময় একথা বললেন যখন কেবলমাত্র ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনা সংলাপে এ পর্যন্ত বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। কিন্তু ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রশাসনের বেআইনি পদক্ষেপের ক্ষতিপূরণ প্রদান এবং তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসতে বাইডেন প্রশাসনের অস্বীকৃতির কারণে ভিয়েনা সংলাপে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হচ্ছে না।
ইরান শুরু থেকে বলে এসেছে, আমেরিকা একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকেই আবার ফিরে এসে এই সমঝোতা পুনরায় কার্যকর করতে হবে।সেইসঙ্গে আমেরিকাকে এমন গ্যারান্টি দিতে হবে যে, ভবিষ্যতে হোয়াইট হাউজের ক্ষমতা পরিবর্তিত হলেও কোনো মার্কিন প্রশাসন যেন সম্ভাব্য চুক্তি থেকে বেরিয়ে যেতে না পারে।#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।