ভিয়েনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i104912-ভিয়েনায়_ইরানের_স্বার্থ_নিয়ে_কাউকে_খেলতে_দেয়া_হবে_না_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় নিজের রেড লাইনগুলো রক্ষা করবে তার দেশ এবং ওই আলোচনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি গতকাল (সোমবার) তেহরানে ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০২২ ০৩:৪৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় নিজের রেড লাইনগুলো রক্ষা করবে তার দেশ এবং ওই আলোচনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি গতকাল (সোমবার) তেহরানে ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বৈঠকে আব্দুল্লাহিয়ান ভিয়েনা সংলাপ ও ইউক্রেন পরিস্থিতিসহ চলমান বিভিন্ন বিষয়ে ইরানের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করেন।তিনি বলেন, ভিয়েনা সংলাপে যখন একটি চূড়ান্ত চুক্তি প্রস্তুত হচ্ছে তখন ইরান নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেই এ চুক্তি করবে। তিনি বলেন, ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করাসহ এদেশের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করা হবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত প্রায় এক বছর ধরে রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে।ইরানে এই আলোচনাকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা বলে অভিহিত করা হচ্ছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে যে, ভিয়েনায় উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি রয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছিলেন, ভিয়েনায় একটি চুক্তির খসড়া তৈরি হয়ে গেছে এবং এতে ইরান অবশ্যই তার রেড লাইনগুলো রক্ষা করবে। ইরান তার রেড লাইনগুলো রক্ষা করার স্বার্থে কোন কোন ক্ষেত্রে ছাড় দেবে না তা এরইমধ্যে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকে জানিয়ে দেয়া হয়েছে বলে খাতিবজাদে উল্লেখ করেন।#পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।