রাশিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমঝোতায় বাধা তৈরি করবে না: ইরান
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও রুশ পররাষ্ট্রমন্ত্রী (ডানে)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা অর্জনের পথে রাশিয়া কোনো বাধা তৈরি করবে না। তিনি আরও বলেন, ভিয়েনা সংলাপে প্রথম থেকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করে এসেছে মস্কো।
একটি ভালো সমঝোতা করার ক্ষেত্রে রাশিয়া দৃঢ়তার সঙ্গে ইরানের পাশে থাকবে বলে জানান তিনি।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (মঙ্গলবার) মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেন সংকটের সঙ্গে ভিয়েনা আলোচনার কোনো সম্পর্ক নেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান আজ মস্কো সফরে গেছেন। রাশিয়া সফরে যাওয়ার আগে গতরাতে তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা'র সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনে চেষ্টা চালানোর আশ্বাস দেন।
ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধির দপ্তর থেকে আগেই বলা হয়েছিল, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা সংলাপ ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা থেমে থেমে চলছে। ইরান বলেছে, ভিয়েনায় ভালো কোনো সমঝোতায় পৌঁছার বিষয়টি আমেরিকা তথা পাশ্চাত্যের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।