ভিয়েনা আলোচনা
আইআরজিসিকে কথিত মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে হবে: ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে আমেরিকার কথিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে হবে। তবে ইরান বিষয়ে মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভিয়েনায় চলমান আলোচনা সফল হলেও এ বাহিনীর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠানো হবে না।
কামাল খারাজি দোহা আন্তর্জাতিক ফোরামে দেয়া বক্তৃতায় বলেন, 'ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী একটি জাতীয় সেনাবাহিনী এবং একে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা অগ্রহণযোগ্য। তবে মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে আইআরজিসিকে বাদ দিতে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো থেকে ইরান বিরত থাকবে না।'
ভিয়েনায় পরমাণু সমঝোতার সম্ভাব্য পুনরুজ্জীবনের আলোচনার প্রতি ইঙ্গিত করে কামাল খারাজি বলেন, একটি পরমাণু সমঝোতা খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। তবে আমেরিকাকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে ভবিষ্যতে তারা আর কখনোই এ সমঝোতা থেকে বেরিয়ে যাবে না।
সর্বোচ্চ নেতার এ উপদেষ্টা আরো বলেন, ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি পর্যালোচনার জন্য তেহরানকে সময় দিতে হবে বলেও জানান কামাল খারাজি। আইআরজিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে মার্কিন কূটনীতিক রবার্ট ম্যালি দোহা সম্মেলনে ঘোষণা দেয়ার পর কামার খারাজির এ বক্তব্য এলো।#
পার্সটুডে/এমবিএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।