পরমাণু সমঝোতায় ফিরতে জো বাইডেনের প্রতি সাবেক ৪০ কর্মকর্তার আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i106990-পরমাণু_সমঝোতায়_ফিরতে_জো_বাইডেনের_প্রতি_সাবেক_৪০_কর্মকর্তার_আহ্বান
আমেরিকা ও ইউরোপের সাবেক ৪০ জন সরকারি কর্মকর্তাসহ বেশ কয়েকজন পরমাণু বিশেষজ্ঞের একটি দল পরমাণু চুক্তি সাফল্যের সঙ্গে শেষ করার জন্য জো-বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০২২ ১২:৫৯ Asia/Dhaka

আমেরিকা ও ইউরোপের সাবেক ৪০ জন সরকারি কর্মকর্তাসহ বেশ কয়েকজন পরমাণু বিশেষজ্ঞের একটি দল পরমাণু চুক্তি সাফল্যের সঙ্গে শেষ করার জন্য জো-বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন পরমাণু সমঝোতা থেকে ট্রাম্প প্রশাসনের বেরিয়ে যাওয়ার নীতিতে পরিবর্তন না আনা একটি "দায়িত্বহীন" সিদ্ধান্ত। মার্কিন সরকার যদি ট্রাম্পের ওই নীতিতে পরিবর্তন না আনে তাহলে সেটা হবে বিপজ্জনক। কেননা ইরান তাহলে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার পথে অগ্রসর হবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে যখন মার্কিন কংগ্রেসে পক্ষে-বিপক্ষে মতামত আসছে এবং ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার বিষয়টি কংগ্রেসে আলোচনা ছাড়া পাস না করার ব্যাপারে দাবী উঠছে তখন ওই ৪০ সাবেক কর্মকর্তা বিবৃতি দিলেন।

আমেরিকার পরোক্ষ উপস্থিতিতে ভিয়েনায় দীর্ঘ আট দফা আলোচনা হয়েছে। দীর্ঘ এই আলোচনার পর ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের প্রত্যাবর্তনের বিষয়ে আশার ক্ষীণ আলো দেখা গেলেও সংশয়েরও আশংকা রয়ে গেছে। ইউরো-মার্কিন সাবেক চল্লিশ কর্মকর্তার ওই বিবৃতির এটাও একটা কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

তেহরান বরাবরই বলে আসছে ২০১৮ সালে ট্রাম্প সরকার পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাবার পর ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেইসব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে বাইডেন প্রশাসনের কাছে এই আশ্বাস চেয়েছে যে আমেরিকা পুনরায় ওই সমঝোতা থেকে বেরিয়ে যাবে না-সেই গ্যারান্টি দিতে হবে। বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে। যদিও এই বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও সুস্পষ্টভাবে ইতিবাচক সাড়া মেলে নি তবে বাইডেন প্রশাসন মেনে নিতে প্রস্তুত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে ইউরোপীয় ত্রোয়িকাসহ আলোচনার অন্যান্য পক্ষ দ্রুত একটা সমঝোতা চায়। কিন্তু আমেরিকা এখনও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

আমেরিকা দুটি বিষয়ে উদ্বিগ্ন। একটি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অপরটি ইরানের আঞ্চলিক নীতি। কিন্তু ইরান বলছে পরমাণু সমঝোতা শুধুমাত্র পারমাণবিক বিষয়ের মধ্যেই সীমিত থাকবে। সুতরাং চূড়ান্ত চুক্তির জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে বিশ্ববাসীকে।#  

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।