আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় অন্তর্ভুক্তি
‘ইউরোপীয় পার্লামেন্টের ভোটাভুটিতে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘিত হয়েছে’
-
হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে ইউরোপীয় পার্লামেন্টে যে ভোটাভুটি হয়েছে তার কঠোর সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ওই ভোটাভুটির মাধ্যমে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছে সুইডেন। আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (শুক্রবার) সেই সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিল্লিস্ট্রোমের সঙ্গে এক টেলিফোনালাপে বলেন, “ইরানের আইআরজিসি সম্পর্কে ইইউ পার্লামেন্ট যে ধ্বংসাত্মক পদক্ষেপ নিয়েছে তা জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন।”
তিনি বলেন, “ইরাক, সিরিয়া ও গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী আইএস নির্মূলে আইআরজিসি গঠনমূলক ভূমিকা পালন করেছে। এ অঞ্চলে আইএস দমন করা না হলে এই গোষ্ঠীর সন্ত্রাসীরা এতদিন ইউরোপীয় দেশগুলোর রাজধানীগুলোতে হামলা চালাত। কাজেই সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর আইআরজিসি’র প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।”
গত বুধবার ইউরোপীয় পার্লামেন্টে এমন একটি বিল পাস হয়েছে যার মাধ্যমে আইআরজিসিকে ইইউ’র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ২৭ জাতির এই ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। তেহরান এই পদক্ষেপের পরিণতির ব্যাপারে ব্রাসেলসের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরান বলেছে, ইইউর এ পদক্ষেপ ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে নগ্ন হস্তক্ষেপের শামিল।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২১