হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের হুঁশিয়ারি
'ইরানের বিরুদ্ধে ইইউ এবং ব্রিটেনের নিষেধাজ্ঞার সমানুপাতিক জবাব দেয়া হবে'
-
পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন দেশটির বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পুনরাবৃত্তিমূলক পদক্ষেপ নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার সমুচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার বেলজিয়ামের সমকক্ষ হাদজা লাহবিবের সঙ্গে টেলিফোনালাপে বলেছেন, "ইরানের বিরুদ্ধে সাংঘর্ষিক এবং নিষেধাজ্ঞামূলক নীতির বিরুদ্ধে তেহরান সমানুপাতিক ব্যবস্থা গ্রহণ করবে"।
গত সোমবার এর আগে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছিল যে তারা বিচার বিভাগের কিছু সদস্য, ইরানি সংসদের একজন এমপি, কিছু ধর্মীয় নেতা এবং ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং-এর একজন সিনিয়র কর্মকর্তা সহ আরো আট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
এছাড়া সোমবার ব্রিটেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র আরও কিছু সিনিয়র কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদের মধ্যে কিছু কর্মকর্তা এই বাহিনীর আর্থিক বিনিয়োগ পরিচালনার জন্য দায়ি বলে ব্রিটেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ব্রাসেলস এবং লন্ডন জানিয়েছে, গত বছর পুলিশ হেফাজতে একজন ইরানি তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন শহরে বিদেশী মদদপুষ্ট দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনী দমন পীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করায় এর পাল্টা ব্যবস্থা হিসেবে তারা তেহরানের বিরুদ্ধে এসব পদক্ষেপ নিয়েছে।
সেপ্টেম্বরে মাহসা আমিনী নামের ওই নারীর মৃত্যুর পর ইরান জুড়ে দাঙ্গা ও বিশৃঙ্খলা শুরু হয়। তিনি তেহরানের একটি থানায় অজ্ঞান হয়ে পড়েন এবং তিন দিন পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের একটি অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছে, আমিনির মৃত্যু মাথা বা শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে কথিত আঘাতের কারণে নয় বরং তার মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে।
পার্সটুডে/বাবুল আখতার/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।