আন্তর্জাতিক কুদস দিবসে মুসলিম ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান
'ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ফিলিস্তিনিদের সমর্থন করুন'
ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের "লজ্জাজনক" নীরবতার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।একইসঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে একটি বিবৃতি জারি করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি (রহ) গত চার দশকেরও বেশি সময় আগে পবিত্র রমজানের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে নামকরণ করেছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে "এখন ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালেম আল কুদস মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে এবং তা বিশ্বের যে কোনো জাতি ও ধর্ম নির্বিশেষে অধিকার-প্রত্যাষী নিপীড়িত এবং স্বাধীনতাকামীদের প্রতিনিধিত্ব করে।" মন্ত্রণালয় মানবাধিকারের কথিত সমর্থকদের সমালোচনা করেছে যারা প্রকৃতপক্ষে দখলদার শাসক গোষ্ঠীর সমর্থক। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ ইসরাইলের অপরাধযজ্ঞ ও হত্যার বিষয়ে লজ্জাজনক নীরবতা পালন করে আসছে। ইহুদিবাদী সরকার ২০২৩ সালের প্রথম তিন মাসেই নারী ও শিশুসহ যা প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
মন্ত্রণালয় ফিলিস্তিনি জাতির মুক্তি সংগ্রাম এবং ইসরাইলের বিরুদ্ধে তাদের বৈধ প্রতিরোধকামীতাকে সমর্থন করার জন্য ইসলামী প্রজাতন্ত্রের "নীতিগত এবং অপরিবর্তনীয়" নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ইসরাইলি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ইরান।
মন্ত্রণালয় সমস্ত মুসলিম সরকার ও জাতিগুলোর পাশাপাশি বিশ্বের স্বাধীনতাকামীদেরকে এই ক্যান্সারের টিউমার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিঘ্নিতকারী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি প্রকৃত সমর্থন ও সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আবারও ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থন দেয়ার জন্য আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলোর আইনি বাধ্যবাধকতার উপর জোর দিয়েছে। একইসঙ্গে জেরুজালেম আল কুদস এবং ফিলিস্তিনের অন্যান্য অধিকৃত অঞ্চলে ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞ অবসানের পাশাপাশি এই অঞ্চলে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসন এবং নেতিবাচক নীতির চর্চা বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।#
পার্সটুডে/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।