ইমাম খামেনেয়ী: মহান আল্লাহ ইরানি জনগণকে সেরা নির্বাচনটি করার তৌফিক দিন
https://parstoday.ir/bn/news/iran-i139264-ইমাম_খামেনেয়ী_মহান_আল্লাহ_ইরানি_জনগণকে_সেরা_নির্বাচনটি_করার_তৌফিক_দিন
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের প্রেসিডেন্ট নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০২৪ ০৭:১৯ Asia/Dhaka
  • শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুধবার তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন
    শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুধবার তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের প্রেসিডেন্ট নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন।

সর্বোচ্চ নেতার গণমাধ্যম অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনেয়ী বুধবার তেহরানে শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। যেকোনো নির্বাচনে জনগণের বিপুল অংশগ্রহণ দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনে বলে জানান সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন দেশের শাসনব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণে তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এই দিক দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের আসন্ন দ্বিতীয় পর্ব ইরানি জনগণের সামনে মহা সুযোগ এনে দিয়েছে।

গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বে ভোটারদের উপস্থিতি ‘আশানরূপ ছিল না’ উল্লেখ করে ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “এই ঘটনার বেশ কিছু কারণ রয়েছে এবং রাজনীতিবিদ ও সমাজবিজ্ঞানীরা খতিয়ে দেখবেন যে, কেন এমনটি হলো।”

‘নির্বাচনের প্রথম পর্বে যারা ভোট দেয়নি তারা ইরানের ইসলামি শাসনব্যবস্থার বিরোধী’ বলে যেসব প্রচারণা চালানো হচ্ছে তাকে তিনি শতভাগ ভুল বলে বর্ণনা করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, কারো কারো এই শাসনব্যবস্থা পছন্দ নাও হতে পারে যেটি তারা রাখঢাক না রেখেই বলে বেড়াচ্ছেন; কিন্তু যারা ভোট দিতে আসেননি তাদের সবাই যে এসব মানুষের মতো একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন সেকথা ভাবা সম্পূর্ণ ভুল ও মারাত্মক অন্যায়।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বহু মানুষের নানা ধরনের সমস্যা ও কাজ ছিল কিংবা অন্য কোনো কারণে ভোট দিতে আসেননি। ইনশা আল্লাহ তারা দ্বিতীয় পর্বের ভোটে অংশ নিতে আসবেন যার ফলে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী আশা প্রকাশ করে বলেন, মহান আল্লাহ ইরানি জনগণকে সেরা নির্বাচনটি করার তৌফিক দিন যাতে নির্বাচিত প্রার্থী এদেশের সরকার ও জনগণের লক্ষ্যগুলো সহজে বাস্তবায়ন করতে পারেন।

গত ২৮ জুন (শুক্রবার) ইরানে চৌদ্দতম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটগ্রহণের জন্য দেশের ভেতরে ৫৯ হাজার কেন্দ্র এবং বহির্বিশ্বে ৯৫টি দেশে প্রয়োজনীয় কেন্দ্র স্থাপন করা হয়।

ওই নির্বাচনে কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় ভোট দ্বিতীয় পর্বে গড়ায়। আগামীকাল, ৫ জুলাই (শুক্রবার) দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনের দুই প্রার্থী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ও সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।