নিষেধাজ্ঞা সত্ত্বেও ১৪২ দেশে পণ্য রপ্তানি করেছে ইরান
-
সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৪২টি দেশে ইরানি পণ্য রপ্তানি হয়েছে।
পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে- ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন কমিশনের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি জানান, চলতি ফার্সি ১৪০৪ সালের প্রথম ৮ মাসে বিশ্বের ১৪২টি দেশে ইরানি পণ্য রপ্তানি হয়েছে। তিনি বলেন, আধিপত্যবাদী শক্তির চাপ ও বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান পাঁচটি মহাদেশের ১৪২টি দেশে রপ্তানি করেছে এবং ১০৫টি দেশ থেকে আমদানি করা হয়েছে। চলতি ফার্সি বছরের দশম মাস চলছে এখন।
সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি বলেন, চলতি ফার্সি বছরের প্রথম ৮ মাসে ইরান ও অন্যান্য দেশের মধ্যে মোট ১৩ কোটি ১০ লাখ টনের বেশি পণ্য বিনিময় হয়েছে, যার মূল্য ৭৬ বিলিয়ন ৫৩ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে ১০ কোটি ৫০ লাখ ২৩১ হাজার টন ইরানি পণ্য ১৪২টি দেশে রপ্তানি হয়েছে। এর মূল্য ৩৬ বিলিয়ন ৯৯ কোটি ৭০ লাখ ডলার। তিনি আরও জানান, বিশ্বের ১০৫টি দেশ থেকে দুই কোটি ৫০ লাখ ৮২৩ হাজার টন পণ্য ইরানে আমদানি করা হয়েছে।
এই ৮ মাসে ইরানি পণ্য যেসব দেশে রপ্তানি করা হয়েছে সেগুলোর নামও উল্লেখ করেছেন লাতিফি। তিনি বলেন, চীনে ৯ বিলিয়ন ২৫৫ মিলিয়ন ডলার, ইরাকে ৬ বিলিয়ন ৭১৯ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাতে ৫ বিলিয়ন ২১৬ মিলিয়ন ডলার, তুরস্কে ৪ বিলিয়ন ৩৯৩ মিলিয়ন ডলার এবং আফগানিস্তানে ১ বিলিয়ন ৬৬০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। চীন ছাড়া বাকি চারটি দেশই ইরানের প্রতিবেশী, মোট রপ্তানির প্রায় ৫০ শতাংশ এসব দেশে গেছে।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন