উত্তেজনা কমাতে আগ্রাসীদের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা বন্ধ করতে হবে: ইরানের প্রেসিডেন্ট
-
এরদোগান (বামে) ও পেজেশকিয়ান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য দেশগুলোর উচিত আগ্রাসীদের সঙ্গে সহযোগিতা বন্ধ করা।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সোমবার সন্ধ্যায় ফোনালাপে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন পরবর্তী আঞ্চলিক পরিস্থিতি এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়ে মতবিনিময় করেন।
এই ফোনালাপে পেজেশকিয়ান বলেন, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরকার ইরান এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। শত্রু দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো দাবি করছে যে, ইরান তুরস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময়ই অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য প্রস্তুত রয়েছে, তবে শর্ত হলো- আমাদের প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন ইরানের জনগণের ওপর হামলার জন্য ব্যবহার করা না হয়।
অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এই টেলিফোন আলাপে বলেন, তুরস্ক সরকার অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি জোর দিয়ে বলেন- আমরা সবসময় ঘোষণা করেছি যে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং অঞ্চলের দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইরানের দীর্ঘমেয়াদি স্বার্থেরও পক্ষে নয়।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা ভাবি না। ইরানে যে কঠিন পরিস্থিতি বিরাজ করছে তা আমরা বুঝতে পারি এবং তুরস্ক সরকারের সামর্থ্য অনুযায়ী অঞ্চলে উত্তেজনা কমাতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।