আইআরজিসি'র কঠোর হুঁশিয়ারি:
'আমেরিকা-ইসরায়েল পুনরায় আগ্রাসন চালালে যুদ্ধ অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়বে'
-
আইআরজিসি'র পতাকা
ইরানের ওপর পুনরায় কোনো ধরনের হামলা বা আগ্রাসন চালানো হলে তা আর কেবল আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে অঞ্চলের বাইরেও। এবার শত্রুদের এমন সব জায়গায় আঘাত করা হবে যা তাদের কল্পনারও বাইরে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে এমনটাই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির এই আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন-ইসরায়েলি জোটের অতীতের বিভিন্ন পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, ইরান এখনো তার সামরিক শক্তির পুরোটা প্রদর্শন করেনি। তবে ফাঁকা বুলি বা সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, যেকোনো আগ্রাসনের জবাব যে যুদ্ধের ময়দানেই দেওয়া হবে, তা পুনর্ব্যক্ত করেছে ইরানের এই এলিট সামরিক বাহিনী।
আইআরজিসি'র পূর্ণ বিবৃতি পার্সটুডের পাঠকদের জন্য উপস্থাপন করা হলো:
বিসমিল্লাহির কাসিমিল জাব্বারিন
(পরম করুণাময়, অত্যাচারীদের চূর্ণকারী আল্লাহর নামে
وَإِن نَّكَثُوا أَيْمَانَهُم مِّن بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنتَهُونَ
"আর যদি তারা তাদের চুক্তির পর তাদের অঙ্গীকার ভঙ্গ করে এবং তোমাদের দ্বীন সম্পর্কে কটূক্তি করে, তবে কুফরের নেতাদের বিরুদ্ধে যুদ্ধ করো; কারণ তাদের কোনো অঙ্গীকার নেই, যেন তারা (অঙ্গীকার ভঙ্গ ও কটূক্তি থেকে) বিরত থাকে।" (সূরা আত-তাওবাহ, আয়াত: ১২)
মার্কিন ও ইসরায়েলি শত্রু পক্ষ ইসলামী বিপ্লবের কাছে বারবার বড় ধরনের কৌশলগত পরাজয়ের মুখোমুখি হয়েও কোনো শিক্ষা নেয়নি। তারা আবারও ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করছে।
তারা ভালো করেই জানে যে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও শক্তিশালী দুটি সামরিক বাহিনীর সমস্ত শক্তি এক করে তারা আমাদের ওপর আক্রমণ করেছিল। কিন্তু ইরান তার আত্মরক্ষায় এবং ইসলামী বিপ্লবের সুরক্ষায় নিজের সামরিক সক্ষমতার পুরোটা এখনো ব্যবহারই করেনি।
তবে শত্রুদের জেনে রাখা উচিত, এবার যদি ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার বা আগ্রাসন চালানোর বিন্দুমাত্র পুনরাবৃত্তি ঘটে, তবে পূর্বঘোষিত আঞ্চলিক যুদ্ধ এবার আর নির্দিষ্ট অঞ্চলের গণ্ডিতে আটকে থাকবে না; তা অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে। আমাদের পাল্টা ও বিধ্বংসী আঘাত শত্রুদের এমন সব ঘাঁটিতে ও অবস্থানে গিয়ে পড়বে, যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। এই আঘাত তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে।
আমরা কথার কথায় বিশ্বাসী নই, আমরা যুদ্ধের ময়দানের সৈনিক। আমাদের আসল ক্ষমতা ও শক্তি শত্রুপক্ষ যুদ্ধের ময়দানেই দেখতে পাবে—কোনো ফাঁকা বিবৃতিতে কিংবা ভার্চুয়াল জগতের পাতায় নয়।
وَ مَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ
"এবং সাহায্য তো কেবল পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে"
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)
পার্সটুডে/এমএআর/২০