চুক্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সুযোগ এনে দিয়েছে: কাতারকে ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i160480-চুক্তি_আঞ্চলিক_শান্তি_ও_স্থিতিশীলতার_সুযোগ_এনে_দিয়েছে_কাতারকে_ইরানের_প্রেসিডেন্ট
পার্সটুডে- কাতারের আমিরের সাথে এক টেলিফোনালাপে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস এবং ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শেষ করার লক্ষ্যে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেয়ার ক্ষেত্রে দোহার গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন।
(last modified 2026-06-19T04:50:31+00:00 )
জুন ১৯, ২০২৬ ১০:৪৮ Asia/Dhaka
  • • কাতারের আমিরের সাথে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
    • কাতারের আমিরের সাথে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

পার্সটুডে- কাতারের আমিরের সাথে এক টেলিফোনালাপে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস এবং ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শেষ করার লক্ষ্যে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেয়ার ক্ষেত্রে দোহার গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন।

ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে এক ফোনালাপে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ও ঐক্যের গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন, ইরান সবসময় মুসলিম দেশগুলোর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন শক্তিশালী করার উপর জোর দিয়েছে এবং তেহরান বিশ্বাস করে মুসলিম দেশগুলোর সহযোগিতা ও পারস্পরিক সমর্থন এই অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং টেকসই অগ্রগতির পথ প্রশস্ত করতে পারে।

এই টেলিফোনালাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার চুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন। উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতা শক্তিশালীকরণে কূটনীতি ও সংলাপের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেছেন: কাতার সরকার ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে, সেইসাথে উত্তেজনা কমাতে এবং দৃষ্টিভঙ্গিকে কাছাকাছি আনতে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই সমঝোতা স্মারকটি ভবিষ্যৎ চুক্তির জন্য একটি মজবুত ভিত্তি হতে পারে: পুতিন

একই প্রসঙ্গে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইরান-মার্কিন সমঝোতা স্মারককে স্বাগত জানিয়ে বলেছেন: এই সমঝোতা স্মারকটি ভবিষ্যৎ চুক্তির জন্য একটি মজবুত ভিত্তি হতে পারে।

ইরান-ফ্রান্স সম্পর্ক সম্প্রসারণের ওপর জোর দিলেন আরাকচি

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে এক টেলিফোনালাপে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক প্রক্রিয়া এবং সমঝোতা স্মারকের প্রতি প্যারিস পূর্ণ সমর্থন জানাবে। তিনি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার জন্য এই সুযোগকে কাজে লাগানোর ওপর জোর দেন।

এই টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিধানগুলোর কথা উল্লেখ করে লেবাননসহ সকল ফ্রন্টে যুদ্ধ শেষ করতে এবং সংঘাত বন্ধ করতে কার্যকর ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের দায়দায়িত্বের ওপর জোর দেন। ইসলামাবাদ সমঝোতা স্মারকের আলোকে ইরান-ফ্রান্স সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য সৃষ্ট সুযোগের কথা উল্লেখ করে আরাকচি এই সমঝোতার বাস্তবায়নে এবং এর থেকে উদ্ভূত শান্তিপূর্ণ প্রক্রিয়াগুলোকে বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর দৃঢ় ও সর্বাত্মক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আরাকচি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহকে এক টেলিফোনালাপে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিষয়বস্তু এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বিদ্যমান অস্পষ্টতা নিরসনের জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সুপ্রতিবেশীসুলভ নীতির প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অঙ্গীকারের কথা উল্লেখ করে আরাকচি আশা প্রকাশ করেন, এই চুক্তিটি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়ক হবে।#

পার্সটুডে/এমআরএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।