কলিবফের কড়া হুঁশিয়ারি: সমানুপাতিক জবাবের যুগ শেষ
-
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ-বাকের কলিবফ
পার্সটুডে – ইরানের সংসদ স্পিকার বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী কর্তৃক মার্কিন ঘাঁটিগুলোতে নিক্ষিপ্ত প্রবল আঘাতগুলো আমেরিকার নেতৃত্বকে এক চরম অসহায়ত্বের মধ্যে ফেলেছে।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সরকারি সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাত দিয়ে জানা গেছে, মোহাম্মদ-বাকের কলিবফ আজ রোববার সংসদ অধিবেশনের আগে দেওয়া তাঁর ভাষণে বলেন, “এই দিনগুলো ১৯৭৮ সালের ১৭ শাহরিভার ও ‘ব্ল্যাক ফ্রাইডে’তে তেহরানের জনগণের অবিস্মরণীয় বীরত্বগাথার কথা স্মরণ করিয়ে দেয়। সেদিন তেহরানের শহীদ চত্বরে ঘৃণ্য পাহলভি সরকারের হাতে নিরীহ জনগণের পবিত্র রক্ত ঝরেছিল। সেই রক্ত বিপ্লবের চারাগাছকে সিঞ্চিত করেছিল এবং প্রমাণ করেছিল—সত্যের পথে এবং স্বৈরাচারী ও আধিপত্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধের ক্ষেত্রে এই জাতি কোনো আত্মত্যাগ থেকে পিছপা হয় না।
তিনি আরও বলেন, আজকের সংগ্রামের ময়দানও একই ময়দান। আমরা জিহাদ ও প্রতিরোধের পথে রয়েছি। এমন এক পরিস্থিতিতে, যখন শত্রুপক্ষ ইরানের জনগণের ওপর চাপ সৃষ্টি করতে তার সব সক্ষমতা কাজে লাগাচ্ছে, তখন ইরানের সব অঙ্গের সর্বাত্মক প্রচেষ্টা এবং জনগণের নজিরবিহীন প্রতিরোধের মাধ্যমে, আল্লাহর রহমতে, সামরিক সংগ্রাম ও কূটনৈতিক লড়াইয়ের ময়দানের মতো অর্থনৈতিক যুদ্ধের ময়দানেও আমরা শত্রুকে পরাজিত করব।
কলিবফ জোর দিয়ে বলেন, এমন এক পরিস্থিতিতেও এই প্রতিরোধ ও শক্তিশালী অবস্থান বজায় রাখা হচ্ছে, যখন আমরা কুফরের পুরো ফ্রন্টের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে রয়েছি। ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ব্যাপক ও শক্তিশালী আঘাত হানায় এই দেশের শীর্ষ নেতারা চরম অসহায় পরিস্থিতিতে পড়েছেন। আর তারা ফাঁপা কথা ও অবাস্তব স্লোগানের আশ্রয় নিয়ে যুদ্ধক্ষেত্রের ছবি ও ভিডিও তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে।
ইরানের সংসদের স্পিকার বলেন, আমেরিকানরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ‘সমানুপাতিক জবাবের’ সময় শেষ হয়ে গেছে। সাম্প্রতিক অভিযানগুলোতে আগ্রাসী ঘাঁটিগুলোর ওপর ইরানের হামলা ছিল কেবল শুরু। তারা যদি এখনো বিষয়টি বুঝতে না পারে, তাহলে দেরি হওয়ার আগেই তাদের বুঝতে হবে যে খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে ‘আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও যন্ত্রণাদায়কভাবে।’#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।