লটারির মাধ্যমে নির্ধারণ করা হলো প্রার্থীদের বির্তকের সময়সূচি
https://parstoday.ir/bn/news/iran-i36766-লটারির_মাধ্যমে_নির্ধারণ_করা_হলো_প্রার্থীদের_বির্তকের_সময়সূচি
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ছয় প্রার্থীর বিতর্ক ও সাক্ষাৎকারসহ বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। গতরাতে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবিতে অ্যাটর্নি জেনারেল হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাফর মুন্তাজেরি এবং ছয় প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে এ সংক্রান্ত লটারি অনুষ্ঠিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৪, ২০১৭ ১৩:৩৯ Asia/Dhaka
  • লটারির মাধ্যমে নির্ধারণ করা হলো প্রার্থীদের বির্তকের সময়সূচি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ছয় প্রার্থীর বিতর্ক ও সাক্ষাৎকারসহ বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। গতরাতে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবিতে অ্যাটর্নি জেনারেল হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাফর মুন্তাজেরি এবং ছয় প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে এ সংক্রান্ত লটারি অনুষ্ঠিত হয়।

আগামী ২৬ এপ্রিল থেকে ছয় প্রার্থী কেন্দ্রিক টিভি ও রেডিও অনুষ্ঠানমালার সম্প্রচার শুরু হবে এবং তা শেষ হবে ১৭ এপ্রিল। ছয় প্রার্থীর অংশগ্রহণে মূল তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, পাঁচ মে ও ১২ মে। এর মধ্যে প্রথম বিতর্কটি হবে আর্থ-সামাজিক বিষয় নিয়ে। দ্বিতীয়টি রাজনৈতিক ইস্যুতে এবং তৃতীয় বিতর্ক হবে অর্থনীতি নিয়ে। এছাড়া প্রার্থীদেরকে তাদের নানা কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরার জন্য সমপরিমাণ সময় দেওয়া হবে।

এর আগের দু'টি প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রার্থীদের বিতর্ক সরাসরি সম্প্রচার করেছিল আইআরআইবি। দুইবারই প্রার্থীদের বিতর্ক ব্যাপকভাবে প্রশংসিত হয়। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে প্রত্যেক প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হয়। প্রার্থীরা নিজেদের নানা কর্মসূচি ও প্রতিশ্রুতি তুলে ধরার পাশাপাশি পরস্পরের গঠনমূলক সমালোচনাও করে থাকেন। এর মধ্যদিয়ে ভোটাররা প্রার্থীদের যোগ্যতা ও কর্মসূচি যাচাইয়ের সুযোগ পান।

আগামী ১৯ মে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয়জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের প্রার্থীরা হলেন- নীতি নির্ধারণী পরিষদের সদস্য এবং সাবেক সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা মন্ত্রী সাইয়্যেদ মোস্তাফা মিরসালিম, বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি, বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, ইমাম রেজা (আ.)'র মাজার কেন্দ্রিক জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমের প্রধান তত্ত্বাবধায়ক ও সাবেক অ্যাটর্নি জেনারেল সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, রাজধানী তেহরানের বর্তমান মেয়র মোহাম্মাদ বাকের কলিবফ এবং সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মোস্তাফা হাশেমি-তাবা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪