উন্নয়নের রূপরেখা দিলেন ইরানের প্রেসিডেন্ট প্রার্থী রুহানি এবং কলিবফ
-
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হাসান রুহানি এবং মোহাম্মদ বাকের কলিবফ
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হাসান রুহানি এবং মোহাম্মদ বাকের কলিবফ আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে বিভিন্ন ক্ষেত্রে গৃহীত তাদের নির্বাহী পরিকল্পণার রূপরেখা দিয়েছেন।
গতকাল বুধবার রাতে একটি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া আলাদা টকশোতে তারা নিজ নিজ কর্মসূচীর বিবরণ দেন। ইরানের বর্তমান প্রেসিডেন্ট রুহানি বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানি জাতি প্রকৃত রাজনৈতিক ও গণতান্ত্রিক স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে।
স্থানীয় রাজনীতি বিষয়ে তার পরিকল্পণার কথা তুলে ধরতে গিয়ে রুহানি এ ক্ষেত্রে জনগণের ব্যাপকভিত্তিক অংশ গ্রহণের পাশাপাশি এ সংক্রান্ত বিরাজমান সব ধরনের বাধা দুর করার ওপর জোর দিয়েছে। এছাড়া, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে জনগণকে আরো স্বাধীনতা দেয়ার পাশাপাশি এগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ আরো শিথিল করার ওপরও জোর দিয়েছেন রুহানি। অন্যদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রতিবেশী দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর তিনি আরো জোর দেবেন বলেও জানান রুহানি।
এদিকে, রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া আলাদা এক টকশোতে প্রেসিডেন্ট প্রার্থী কলিবফও তার কিছু পরিকল্পণার কথা জানিয়েছেন। রাজধানী তেহরানের বর্তমান মেয়র হিসেবে দায়িত্বপালন করা কলিবফ বলেন, বর্তমানে ইরানে প্রধান সমস্যা হলো বেকার সমস্যা। ক্ষমতায় গেলে জনগণের সহযোগিতায় তিনি ৫০ লাখ লোকের কর্মসংস্থান করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/৪