ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: কেন সরে গেলেন কলিবফ?
-
কলিবফ (বামে) ও রাইসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আসন্ন ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন অন্যতম শক্তিশালী প্রার্থী মোহাম্মাদ বাকের কলিবফ। আজ (সোমবার) এক বিবৃতির মাধ্যমে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
কলিবফ নির্বাচন থেকে সরে গেছেন, তবে তিনি তার সমর্থন দিয়েছেন রক্ষণশীল প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে। নির্বাচন থেকে সরে যাওয়া প্রসঙ্গে কালিবফ এক বিবৃতিতে বলেছেন, “বিপ্লবী ফ্রন্টের মধ্যে ঐক্য ধরে রাখতে কঠিন ও মৌলিক সিদ্ধান্ত নিতে হয়। এই মহান লক্ষ্য বাস্তবায়নের জন্য দেশের সবার প্রতি আমার আবেদন হচ্ছে আপনারা সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি-কে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতা করবেন।”
কলিবফ তার সমর্থকদের উদ্দেশে আরো বলেছেন, "আপনারা 'কর্ম ও মর্যাদা'র সরকার প্রতিষ্ঠায় সাইয়্যেদ রায়িসিকে সহযোগিতা করুন।"
সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হচ্ছেন ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজা (আ.)'র মাজার কেন্দ্রিক জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমের প্রধান তত্ত্বাবধায়ক ও সাবেক অ্যাটর্নি জেনারেল। তাঁকে এবারের নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে গণ্য করা হচ্ছে।
এদিকে, বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানির প্রতি সমর্থন ঘোষণা করে বিবৃতি দিয়েছেন মোস্তাফা হাশেমি তাবা। আগামী ১৯ মে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫