ফিলিস্তিনি নার্সের শাহাদাৎ ইসরাইলের জন্য আরেক লজ্জা: জারিফ
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ফিলিস্তিনি নার্সকে হত্যার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল যুদ্ধাপরাধ করেছে। আন্তর্জাতিক আইনে বলা হয়েছে, যুদ্ধ ও সংঘাতের সময় কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের কোনো ক্ষতি করা যাবে না।
জারিফ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আরও লিখেছেন, ফিলিস্তিনি নার্স রাজান আল নাজ্জারকে হত্যার ঘটনা ইসরাইলের জন্য আরও একটি লজ্জা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের শক্তি প্রয়োগের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে আমেরিকার ভেটোরও নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
গত শুক্রবার গাজা শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত খান ইউনিসে ফিলিস্তিনিদের ভিটেমাটিতে ফেরার বিক্ষোভে আহতদের চিকিৎসাসেবা দেয়ার সময় ফিলিস্তিনি নার্স রাজান আল নাজ্জারকে গুলি করে বর্বর ইসরাইলি স্নাইপাররা। তাকে যখন গুলি করে হত্যা করা হয়, তখন তার পরনে সাদা ইউনিফর্ম ছিল। এতে অন্য বিক্ষোভকারীদের থেকে তাকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব ছিল।
এছাড়া, তিনি যখন এক আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছিলেন, তখন হাত উপরে উঠিয়ে রেখেছিলেন যাতে চিকিৎসাকর্মী হিসেবে তাকে সবার থেকে আলাদা করা সম্ভব হয়। কিন্তু ইসরাইলি স্নাইপাররা তার বুকে গুলি করলে তিনি শহীদ হন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩