ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থানের মার্কিন প্রচেষ্টা: নিন্দা করল ইরান
-
সাইয়্যেদ আব্বাস মুসাভি
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় সম্প্রতি যে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা চালিয়েছে আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরান তার নিন্দা জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করেছেন। তিনি বলেন, ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা অথবা যেকোনো রকমের সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানায় ইরান।
অভ্যুত্থান প্রচেষ্টার মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা নিয়েছিল আমেরিকা। এ পরিকল্পনায় যুক্ত হয়েছিল ভেনিজুয়েলার কিছু সামরিক কর্মকর্তা। বিরোধীনেতা হুয়ান গুয়াইডোকে ক্ষমতায় বসানোর লক্ষ্য নিয়ে আমেরিকা মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ভেনিজুয়েলার সরকার-বিরোধীদের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন। তারা বলেছেন, মাদুরো-বিরোধী অভিযানে অংশ নিতে মার্কিন সেনারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। মার্কিন এই হুমকি সম্পর্কে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের হুমকি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। মার্কিন সরকারের এ অবস্থানের বিরুদ্ধে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা করবে বলেও আশা করেন তিনি।#
পার্সটুডে/এসআইবি/৩