‘ইউরোপীয় দেশগুলোর পরমাণু সমঝোতা থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই’
-
পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ (ফাইল ছবি)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে যেসব ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতা সই করেছে তাদের পক্ষে আইনগতভাবে এ সমঝোতা ত্যাগ করা সম্ভব নয়।তিনি রোববার ইরানের পার্লামেন্ট অধিবেশনে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন।
জারিফ বলেন, তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এ সমঝোতা লঙ্ঘনও করেছে। তিনি বলেন, আমেরিকা এ সমঝোতা ত্যাগ করে নগ্নভাবে এটি লঙ্ঘন করেছে এবং ইউরোপীয় দেশগুলো কোনো কোনো ক্ষেত্রে আমেরিকার পদাঙ্ক অনুসরণ করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে ইরানের পরমাণু সমঝোতা একটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে যা মেনে চলতে সবাই বাধ্য।কাজেই এটি থেকে বেরিয়ে যাওয়ার অর্থ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং একই বছরের নভেম্বরে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।সাম্প্রতিক সময়ে ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার তালে সুর মিলিয়ে কথা বলার চেষ্টা করছে।#
পার্সটুডে/এমএমআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।