অন্যরা ব্যর্থ হলে ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন আরো কমাবে
-
সাঈদ খাতিবজাদে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে যদি অন্য পক্ষগুলো ব্যর্থ হয় তাহলে আইএইএ'র বাড়তি প্রটোকল বাস্তবায়ন করা বন্ধ করে দেবে তেহরান।
তিনি ডিসেম্বর মাসের ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে একথা বলেন। তিনি বলেন, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। আজ সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় সাঈদ খাতিবজাদে এসব কথা বলেন।
এ বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, ইরানের জাতীয় সংসদ দেশের সরকারকে আগামী ২১ ফেব্রুয়ারির সময়সীমা বেঁধে দিয়েছে। যদি অন্যপক্ষগুলো সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের পথে এগিয়ে না যায় তাহলে ইরানের সরকার সংসদে পাস হওয়া আইন অনুসারে এই সমঝোতার বাড়তি প্রটোকল বাস্তবায়ন বন্ধ করে দিতে বাধ্য।
সাঈদ খাতিবজাদে আরো বলেন, ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে টিকে থাকবে তবে এ চুক্তির সুরক্ষা আইনের বাইরে গিয়ে তেহরান আর কোনো পরিদর্শনের অনুমতি দেবে না।#
পার্সটুডে/এসআইবি/১৫